Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি! মুম্বই পুলিশের কাছে আসা উড়োফোনের ওপাড়ে কার কণ্ঠ?
Narendra Modi: এবার দেশের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি। নরেন্দ্র মোদীকে খুনের হুমকি (Death Threat Call) দিয়ে উড়ো ফোন এল মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে। মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমের কাছে এল হুমকি ফোন। সূত্রের খবর, হুমকি ফোনের ওপাড়ের কণ্ঠটি একজন মহিলার।
নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে ফোনের ঘটনায় মুম্বইয়ের আম্বলি থানায় (Ambali Police station) ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে ধরার চেষ্টা চলেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আসে ওই হুমকি ফোন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা মানসিক ভারসাম্যহীন (Mentally Challenged)। যদিও তাতে তদন্ত থামাবেন না আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের উপর নজরদারি রাখা হচ্ছে ও একইসঙ্গে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
তবে এই প্রথম নয়, গত জুলাইতেও নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে ফোন এসেছিল মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। পুলিশ জানায়, কন্ট্রোল রুমের ল্যান্ডলাইন নম্বরে অজ্ঞাত ব্যক্তি ফোন করেন। যদিও তাঁকে শনাক্ত করা যায়নি। ২৬/১১-র হামলার পুনরাবৃত্তি করার হুমকি দেওয়া হয় ওই ফোনে।
চলতি মাসের শুরুর দিকে হুমকি ফোন পেয়েছিলেন শিবসেনার হরিয়ানার ইন চার্জ বিক্রম সিং। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi Gang) গ্যাংয়ের সদস্য তাঁকে ফোন করে বলে অভিযোগ। সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন শিবসেনা নেতা।
শিবসেনা নেতার দাবি, হুমকি ফোনে সরাসরি ব্যবসার অংশীদারিত্ব দাবি করে বসেন অভিযুক্ত। না দিলে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে। ব্রিটেনের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে শিবসেনা নেতাকে ফোন করা হয় বলে দাবি। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
মহারাষ্ট্রে নির্বাচন পর্বের মাঝেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকী (Baba Siddique)। সিদ্দিকী ঘনিষ্ঠদের খুন করা হবে বলে হুমকি দেয় লরেন্স গোষ্ঠী।
মুম্বই পুলিশের কাছে হুমকি ফোন আসে সলমন (Salman Khan), শাহরুখ খানের (Shahrukh Khan) নামেও। আর এবার মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি জয়ী হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে ফোন এল পুলিশের কাছে।












Click it and Unblock the Notifications