মুম্বইয়ের রক্তক্ষয়ী জঙ্গি হামলার স্মৃতি উস্কে ৪ টি নামী হোটেলে হুমকি-বার্তা! ছড়াল চাঞ্চল্য
গোয়েন্দা সূত্রে খবর রয়েছে, আগামী কয়েকদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে পাকিস্তানি জঙ্গিরা হামলার ছক কষতে শুরু করেছে। আর এই হামলার ছকে নাম উঠে আসছে পাকিস্তানি সংগঠন লস্করের। এর ঠিক পরেই মুম্বইয়ের ২০০৮ সালের স্মৃতি উস্কে একের পর এক হোটেলে পৌঁছেছে হুমকির বার্তা। যার প্রেরক পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর।

কোন কোন হোটেল পেয়েছে হুমকির ইমেল?
জানা গিয়েছে, মুম্বইয়ের ৪ টি নামী হোটেল হোটেল লীলা, হোটেল প্রিন্সেস, হোটেল পার্ক, হোটেল রামাদা ইনে লস্করের তরফে পৌঁছেছে হামলার হুমকি দেওয়া ইমেল। এমন বার্তা পেয়েই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা মুম্বইতে। আর এই ঘটনাতেই উস্কে গিয়েছে ২০০৮ সালের মুম্বই হামলার আতঙ্ক।

'হোটেলের ম্যানেজমেন্ট চাই'
জানা গিয়েছে, যে সমস্ত হুমকি ইমেল হোটেলগুলিতে পৌঁছেছে তাতে লেখা রয়েছে, 'লস্কর-এ- তৈবা তোমার হোটেলের ম্যানমেন্ট দখল করতে চায়।' পুলিশ সূত্রের খবর, বহুমূল্য বিটকয়েনও চেয়ে পাঠিয়েছে 'প্রেরক'।

মুম্বইতে উস্কে গিয়েছে ২০০৮ সালের ভয়াবহ স্মৃতি!
মুম্বইতে এর আগে ২০০৮ সালে এক নারকীয় হত্যাকাণ্ড হয়ে যায়। যে সন্ত্রাসবাদী হামলায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ১৬৬ জন। জলপথে এই জঙ্গি হামলা শুরু হয়েছিল মুম্বইয়ের গর্ব তাজ হোটেল থেকে। এরপর শহরের একের পর এক জনবহুল জায়গায় হয়ে যায় নারকীয় সন্ত্রাস হানা। আর সেই ঘটনাকেই আরও একবার উস্কে দিল এই নতুন ইমেলে হুমকি।

নিরাপত্তার ঘেরাটোপে মুম্বই
বাণিজ্যনগরীর নামী ৪ টি হোটেলে এমন ইমেলের হুমকি আসায় রীতিমতো উদ্বিগ্ন গোটা শহর। ইতিমধ্যেই নিরাপত্তা আরও বেশি জোরদার করে দেওয়া হয়েছে। মুম্বইয়ের অ্যান্টি টেররিজম স্কোয়াড ও বম্ব ডিসপোজাল স্কোয়াড পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। শুরু হয়েছে তদন্ত। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications