মুম্বই দেশের মধ্যে উষ্ণতম শহর মার্চেই! সর্বোচ্চ তাপমাত্রায় টেক্কা অন্য সব রাজ্যকে
মার্চের শুরু থেকেই দেশজুড়ে চড়তে শুরু করেছে পারদ। দেশের মধ্যে সবাইকে পিছনে ফেলে এগিয়ে চলেছে মুম্বই। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে ফেলেছে বাণিজ্যনগরী। গরমে হাঁসফাঁস অবস্থা। শীতের পর গরমেও মুম্বই দাপট দেখাচ্ছে। মু্ম্বইয়ের সঙ্গে এই লড়াইয়ে রয়েছে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য।

মার্চেই ৪০ ছুঁই ছুঁই মুম্বই
মার্চের সর্বোচ্চ তাপমাত্রায় দেশের অন্যান্য রাজ্যের শহরগুলিকে পিছনে ফেলে দিয়েছে মুম্বই। রবিবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও তাপমাত্রা ছিল প্রায় কাছাকাছি। রবি ও সোমবার তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। সেইমতো তাপপ্রবাহও চলেছে আরব সাগরের তীরের এই শহরে।

মুম্বইয়ের পারদ চড়ছে
মার্চেই তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। এই মাসেই দ্বিতীয়বার দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার শহর হয়েছে মুম্বই। রবিবার সান্তাক্রুজ হাওয়া অফিস ও কোলবা হাওয়া অফিস যথাক্রমে ৩৯.৪ ও ৩৫.৮ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিন্তু ফাগুনেই মুম্বইয়ের পারদ এভাবে চড়ে উঠল কেন?

মুম্বইয়ের তাপমাত্রা বৃদ্ধির কারণ
আবহবিদদের কথায়, কোনো কারণে বসন্তকালীন বাতাস বাধাপ্রাপ্ত হয়েছে। তার ফলেই মুম্বইয়ের তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়েছে এতটা। খাঁ খাঁ করছে রোদ। তাপপ্রবাহ চলছে। গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে মুম্বইবাসীর। এই পরিস্থিতি থেকে কবে রক্ষা মিলবে, সেটাই এখন দেখার।

এ মাসে দ্বিতীয়বার মু্ম্বই উষ্ণতম
এই নিয়ে এ মাসে দ্বিতীয়বার মু্ম্বই দেশের সর্বোচ্চ তাপমাত্রার শহর হল। এর আগে ৬ মার্চ দেশের সর্বোচ্চ তাপমা্ত্রার শহর হয়েছিল। সেদিন মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। আর ১২ মার্চ মুম্বই হল ফের দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার শহর। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবনের বার্তা
মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, শহরের নিকটবর্তী কোঙ্কন উপকূলের তাপমাত্রা ১২ মার্চ ছিল ৫ থেকে ৭ ডিগ্রি বেশি। ফলে মুম্বইয়ের তাপমাত্রাও এক লাফে এতটা বেড়ে যায়। আবার ৫ থেকে ৭ মার্চও কোঙ্কন উপকূলের তাপমাত্রা বেশি ছিল, যার ফলে মুম্বইয়ের তাপমাত্রা ৬ মা্র্চও পৌঁছে যায় সর্বোচ্চ অবস্থানে।

গরমের শুরুতেই আতঙ্কনগরী
মৌসম ভবনের তরফে আবহবিদরা আরও জানিয়েছেন, সমুদ্র তীরবর্তী মুম্বইয়ে এই সময় মনোরম আবহাওয়া থাকার কথা। তাপমাত্রা থাকার কথা অনেক কম। কিন্তু দেখা যাচ্ছে মুম্বইয়ের তাপমাত্রা এখনই ৪০ ছুঁই ছুঁই হয়ে গিয়েছে। তা মুম্বইবাসীর কাছে গরমের শুরুতেই আতঙ্কের কারণ হয়ে উঠেছে।

গ্রীষ্মকাল কেমন কাটবে, শঙ্কা
হঠাৎ করেই মুম্বই থেকে উভে গিয়েছে মনোরম বাতাস। মুম্বই শহর সেই বাতাস হারিয়েই গরমের কোপে পড়েছে। মনোরম বাতাস তো নেই-ই। উল্টে গরম বাতাস বইতে শুরু করেছে। সেই কারণেই লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। চৈত্রের আগেই যদি এইরকম হাঁসফাঁস অবস্থা হয়, তাহলে গ্রীষ্মকাল কেমন কাটবে, তা নিয়েই শঙ্কা।












Click it and Unblock the Notifications