একটানা বৃষ্টিতে বানভাসি মুম্বই, ডুবে যাওয়ার আশঙ্কা ৭ জনের, লাল সতর্কতা বাণিজ্য নগরীতে
একটানা বৃষ্টিতে বানভাসি মুম্বই
মুম্বই ও কঙ্কন প্রদেশের প্রত্যন্ত এলাকায় আগামী ২৪ ঘণ্টায় চূড়ান্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। 'লাল সতর্কতা’ জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে বাণিজ্য নগরী ছাড়াও থানে, পালঘর, রায়গড়েও আগামী কিছুদিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, শুক্রবার মাত্র সাড়ে চার ঘণ্টার মধ্যে মুম্বইতে ২৫৩ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়। যা দেখে অবাক আবহাওয়াবিদরা। গত দশবছরে জুলাই মাসের নিরিখে মুম্বইতে এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া চলতি মরশুমে এটা সর্বোচ্চ বৃষ্টিপাত মুম্বইতে।

ভারী বৃষ্টিপাতে জনজীবন স্তব্ধ মুম্বইতে
গত দু'দিন ধরে মুম্বই ও তার প্রতিবেশী জেলা থানে, পালঘর এবং রায়গড় সাক্ষী থেকেছে ভারী বৃষ্টিপাতের। সপ্তাহব্যাপী মুষলধারে বৃষ্টিপাতের কারণে মুম্বইতে ৩০ জনের মৃত্যু হয়েছে। সোমবার থানেতে একটানা বৃষ্টিপাতের ফলে একটি বোল্ডার গড়িয়ে এসে একটি বাড়ি গুঁড়িয়ে দেয়, যার জেরে প্রাণ হারায় পরিবারের পাঁচজন। থানের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক বিপর্যয় পরিচালনা সেলের প্রধান সন্তোষ কদম জানান যে এই বোল্ডারের দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ঘোলাই নগরে, যেখানে স্বামী-স্ত্রী ও তাদের তিনজন সন্তান জীবন্ত চাপা পড়ে যায়। এছাড়াও মুম্বইয়ের ভিন্ন ভিন্ন এলাকায় দ্বিতীয় দিনেও একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে সাতজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই বৃষ্টির জন্য রেল লাইনে জল জমার কারণে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়। ডোম্বিভালীর গণেশ ঘাটে এক ব্যক্তির ডুবে যাওয়ার ঘটনার পাশাপাশি মীরা রোডেও আব্দুল রহমান হুরেরা নামের এক ন'বছরের বালকের ডুবে যাওয়া আশঙ্কা করা হচ্ছে।

ডুবে গিয়েছে রেলব্রীজ
ভাসিন্দের রেলব্রীজ ডুবে গিয়েছে এবং ২৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে, মুরবাদের রুণ্ডে ও খাদিপাড়ের ভিওয়ান্ডিতে রেলব্রীজের অবস্থা একই। শুধু তাই নয় মুম্বারাতে এক গুদামঘরে বকরি ইদ উপলক্ষ্যে ছাগল রেখে দেওয়া হয়েছিল, সেখানে জল ঢুকে ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে ও ১৪টি ছাগলকে বাঁচানো গিয়েছে। থানের জেলা প্রশাসনিকের পক্ষ থেকে জানানো হয় যে বৃষ্টির জেরে মাসুন্দা লেকের জল উপচে পড়ছে।

৫০ জনকে উদ্ধার
প্রতিবেশী পালঘর জেলার নান্দেলে সোমবার খুব ভোরে বৃষ্টির কারণে ফেঁসে থাকা ৫০ জন গ্রামবাসীকে উদ্ধার করা হয়। এছাড়াও প্রায় হাজার জন বাসিন্দাদের টাউনশিপের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে ইদগা রোড ও মাধা কলোনির মতো এলাকার অবস্থা খুবই শোচনীয়। এর পাশাপাশি কাসারার শিবাজী নগর এলাকাতে কিছু অস্থায়ী বাড়ি ভেঙে পড়ে বৃষ্টির কারণে। তবে এই ঘটনায় কেউ আহত হননি, তবে পরিবারগুলিকে কাছাকাছি জেলা পরিষদের স্কুলে স্থানান্তর করা হয়েছে। থানে ও পালঘর জেলার ভাসাই, ভিওয়াণ্ডি ও মুরবাদ শহরের সেতুগুলি জলে ডুবে যাওয়ার ফলে এই অঞ্চলগুলিতে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। অন।দিকে, রায়গড় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে তিনজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হয়েছে।

ব্যাহত রেল পরিষেবা
সোমবার মুম্বইতে সেন্ট্রাল রেলের পক্ষ থেকে তিনবার মেইন লাইনে শহরতলির ট্রেন স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। সেন্ট্রাল রেল জানিয়েছে, অতিভারী বৃষ্টি ও কল্যাণে জল জমে যাওয়ার কারণে স্টেশন দিয়ে ট্রেন চলাচল রাত ৮টা ১৫ থেকে একঘণ্টার জন্য বন্ধ করে রাখা হয়। মুম্বইয়ের পূর্ব শহরতলিতে গত ২৪ ঘণ্টায় ৯০.৬৫ এমএম বৃষ্টিপাত হয়েছে যা শেষ হয় সোমবার সকাল ৮টায়।












Click it and Unblock the Notifications