MUDA Case: জমি বণ্টন দুর্নীতিতে সিদ্দারামাইয়ার স্ত্রীকে নোটিস, আরও বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী!
MUDA Case: জমি বণ্টন দুর্নীতিকাণ্ডে আরও বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। এবার মুখ্যমন্ত্রী স্ত্রী বিএম পার্বতীকে সমনের নোটিস (ED notice) পাঠাল ইডি। নোটিস গিয়েছে কর্ণাটকের নগরোন্নয়ন মন্ত্রী বি সুরেশের কাছেও।
মাইসোর নগর উন্নয়ন নিগম (মুডা) দুর্নীতিতে (MUDA Scam) নাম জড়িয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদে এবার মুখ্যমন্ত্রীর স্ত্রী ও মন্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। স্ত্রীয়ের বিরুদ্ধে নোটিস জারির খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী নিজেও।

মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর স্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। বেঙ্গালুরুর শান্তিনগরে ইডিরে আঞ্চলিক অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নগরোন্নয়ন মন্ত্রীকে কবে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ইডি আধিকারিক ভি মুরালিক্কান্ননের তরফে পাঠানো হয়েছে নোটিস। সকাল ১১টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাতে। এদিকে হাজিরা এড়াতে ইডির সমনের নোটিস খারিজের আবেদনে কর্ণাটক হাইকোর্টে আলাদা আলাদা দরখাস্ত জমা দিয়েছেন সিদ্দারামাইয়ার স্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী। বিচারপতি এম নাগা প্রসন্নের কাছে জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন তাঁরা। খুব শীঘ্রই মামলা শোনা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফেও।
সিদ্দারামাইয়ার স্ত্রীয়ের দাবি, ইডির পাঠানোর সমনের নোটিসের কোনও ভিত্তি নেই। কোনও তথ্য প্রমাণ ছাড়াই নোটিস দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলেও অভিযোগ করেন সিদ্দারামাইয়ার স্ত্রী। তাঁর স্বামী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে রাজনৈতিক টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ পাবর্তী দেবীর।
এদিকে জমি বণ্টন দুর্নীতি মামলায় তাঁর কোনও যোগই নেই বলে দাবি করেছেন নগরোন্নয়ন মন্ত্রী বি সুরেশ। আদালতে দরখাস্তে তিনি উল্লেখ করেছেন, পুলিশ ইতিমধ্যেই এনিয়ে তদন্ত করছে। সেখানে ইডির হস্তক্ষেপ অপ্রয়োজনীয়। এভাবে সমন পাঠানো মানে আইনি প্রক্রিয়ার অবমাননা করা, তাই তা খারিজ করা উচিত।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরে জমি বণ্টনে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। মাইসোরের অভিজাত এলাকায় স্ত্রীয়ের নামে ১৪টি জমি পাইয়ের দেওয়ার অভিযোগ রয়েছে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। এছাড়াও মুখ্যমন্ত্রীর শ্যালের বিরুদ্ধেও রয়েছে একই মামলা। জমির জন্য মুডার কাছে জাল নথি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যাবতীয় নথি খতিয়ে দেখছে ইডি।












Click it and Unblock the Notifications