আবগারি মামলায় এবার ইডির হাতে গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং
আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ - নেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করল ইডি। দিল্লির আবগারি মামলায় আগেই তাঁর নামে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগেরই তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সাংসদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এদিন সন্ধ্যায় খবর আসে, সঞ্জয় সিংকে গ্রেফতার করা হল। এই নিয়ে দিল্লির রাজনীতিতে চাপানউতোড় শুরু হয়ে গেল।
বুধবার সকালে ইডি আধিকারিকরা সঞ্জয়ের বাড়িতে হানা দেন। সারাদিন ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। ১০ ঘণ্টা পরে আপ সাংসদকে গ্রেফতার করা হয়। এই নিয়ে রীতিমতো দিল্লির রাজনীতি সরগরম। প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি। সেজন্যই কেন্দ্রীয় এজেন্সিকে ময়দানে নামানো হয়েছে। সঞ্জয় সিংকে গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত বলে দাবি কর্মী - সমর্থকদের।

টাকা তছরুপের অভিযোগ উঠেছে সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। আপ নেতা মণীশ সিসৌদিয়াকে গ্রেফতারের পর থেকে রাজনৈতিক পারদ চড়ছিল। গত ২৬ ফেব্রুয়ারি মণীশকে গ্রেফতার করা হয়। একাধিক বার জামিনের আবেদন হলেও আদালত তা মঞ্জুর করেনি৷ মণীশের পরে সঞ্জয় সিংকে গ্রেফতার করা হল।
আবগারি মামলায় আগে জিজ্ঞাসাবাদ করা হয় ব্যবসায়ী দীনেশ অরোরাকে। ওই ব্যবসায়ীর সূত্রেই সঞ্জয়ের নাম উঠে আসে। দীনেশ এই চক্রে মিডলম্যানের ভূমিকায় ছিলেন বলে ইডির দাবি। একাধিক তথ্যের পরে সঞ্জয় সিংয়ের নাম ইডি চার্জশিটে রাখে। এদিন সকাল থেকেই তল্লাশি অভিযানে নামেন ইডির তদন্তকারীরা। এরপর সন্ধ্যার পর খবর আসে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আপের পক্ষ থেকে রীতিমতো এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির কথা বলা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। মণীশ সিসৌদিয়াও কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের দুজনকে ফাঁসানো হয়েছে। এমন দাবি আগেই করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এই খবর লেখা পর্যন্ত কেজরিওয়ালের পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
এদিকে সাংসদের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির কর্মী- সমর্থকরা। প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি। এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে, সত্য চাপা থাকে না। তদন্তে সবই সামনে আসবে।












Click it and Unblock the Notifications