হেমা মালিনীর গালের মতো হবে মধ্যপ্রদেশের রাস্তা, বিতর্কিত মন্তব্য কংগ্রেস মন্ত্রীর
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গালের সঙ্গে রাস্তার হালের তুলনা টেনে এনে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা মন্ত্রী পি সি শর্মা।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গালের সঙ্গে রাস্তার হালের তুলনা টেনে এনে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা মন্ত্রী পি সি শর্মা। তিনি বলেন, "বর্তমানে মধ্যপ্রদেশের রাস্তাগুলি কৈলাস বিজয়বর্গীয়র গালের মত। রাস্তাগুলির প্লাস্টিক সার্জারি দরকার।"

গতকাল রাজ্যের পাবলিক ওয়ার্কস ডেভেলপমেন্ট মন্ত্রী সজ্জন কুমারের সঙ্গে রাস্তার হাল হকিকত দেখতে ভোপালের হাবিবগঞ্জ এলাকাতে গিয়েছিলেন পি সি শর্মা। সেখানেই তিনি এই মন্তব্য করেন। সেখানেই থেমে না থেকে পি সি শর্মা দাবি করেন, সেই রাজ্যের রাস্তাকে কংগ্রেস সরকার বিজেপি নেত্রী হেমা মালিনীর গালের মত মসৃণ ভাবে গড়বে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের করা দুই বছর আগের এক মন্তব্যকেও এদিন কটাক্ষ করেন শর্মা। চৌহান সেই সময় দাবি করেছিলেন, মধ্য়প্রদেশের রাস্তা ওয়াশিংটনের থেকেও ভালো। সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন তুলে শর্মা গতকাল বলেন, "মধ্যপ্রদেশের রাস্তা তো ওয়াশিংটনের মত ছিল। সেই রাস্তাগুলোর কী হল?একটু ভারী বৃষ্টি হলেই রাস্তায় দেখা দেয় খানাখন্দ। বর্তমানে রাজ্যের রাস্তাগুলো বসন্তরোগের দাগের মত। রাস্তাগুলোকে দেখতে কৈলাস বিজয়বর্গীয়র গালের মত হয়ে গেছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে রাস্তাগুলিকে আমরা হেমা মালিনীর গালের মত চকচকে করে তুলব।"
পরে পি সি শর্মা টুইটারে লেখেন, "রাজ্য সরকার রাস্তার হাল ফেরানোর স্বার্থে বিপুল অর্থ বরাদ্দ করেছে। আমরা সেই অর্থ ব্যবহার করে শীঘ্রই রাস্তাগুলির মেরামত করব।"
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা গোপাল ভার্গব মধ্যপ্রদেশের রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে কমল নাথের নেতৃত্বাধীন সরকারকে তোপ দেগেছিলেন। এরপরই কংগ্রেসের তরফে রাস্তার বেহাল দশা নিয়ে বিজেপিকে পালটা তোপ হিসেবেই এই মন্তব্যকে দেখছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications