MP Election Results 2023: মধ্যপ্রদেশে প্রাথমিক প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা বিজেপির! দল সরকার গড়বে, বললেন শিবরাজ
MP Election Results 2023: মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। প্রাথমিক প্রবণতায় গেরুয়া শিবির সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে। ২৩০ টি আসনের মধ্যে ইতিমধ্যেই তারা ১৫০ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে মাত্র ৭৮ টি আসনে। অন্যরা এগিয়ে ২ টি আসনে।
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে মধ্যপ্রদেশের আসনগুলির প্রবণতা প্রকাশ করা হয়েছে। সেখানে ৪৫ টি আসনের প্রবণতায় বিজেপি ৩৭ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটি আসনে। ভারত আদিবাসী পার্টি একটি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া নির্দলীয়রা বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন।

এবারের নির্বাচনে বিজেপি তিন কেন্দ্রীয় মন্ত্রী-সহ সাত সাংসদকে নির্বাচনী লড়াইয়ে নামিয়েছিল। প্রাথমিক প্রবণতায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী নরেন্দ্র সিং তোমার দিমানি বিধানসভা আসন থেকে পিছিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন অপর কেন্দ্রীয় মন্ত্রী ফাগ্গান সিং কুলাস্তে। অন্যদিকে নরসিংপুর থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। এছাড়া বাকি চার সাংসদ রাকেশ সিং, রাও উজয় প্রতাপ সিং, রীতি পাঠক এবং গণেশ সিং এগিয়ে রয়েছেন।
বুধনি বিধানসভা আসন থেকে এগিয়ে বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই আসনে কংগ্রেসের তরফে মনোনয়ন দেওয়া হয় রামায়নে হনুমানের ভূমিকায় অভিনয় করা বিক্রম মাস্তালকে। দাতিয়া থেকে পিছিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
এদিকে প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে যেতেই মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, মধ্যপ্রদেশে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে দল। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, ভারত মাতা কি জয়, জনতা জনার্দন কি জয়। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের যে ফল আসছে, তাতে তিনি নিশ্চিত, জনগণের আশীর্বাদ ও শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বিজেপি সরকার গঠন করতে চলেছে।












Click it and Unblock the Notifications