মহারাষ্ট্রের নান্দেদে ৪৮ ঘন্টায় ৩১ রোগীর মৃত্যু! টয়লেট পরিষ্কার করতে ডিনকে নির্দেশ সাংসদের
মহারাষ্ট্রের নান্দেদের সরকারি হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩১ রোগীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খবর শিরোনামে হওয়ার পরে শিবসেনা (শিন্ডে) সাংসদ হেমন্ত পাতিল এদিন শঙ্কররাও চবন সরকারি হাসপাতালে যান এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালের নোংরা টয়লেট দেখার পরে হেমন্ত পাতিল হাসপাতালের ডিন শ্যামরাও ওয়াকোডেকে তা পরিষ্কার করতে নির্দেশ দেন।
প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, একটি পাইপ হাতে ধরে সাংসদ দাঁড়িয়ে রয়েছেন। ডিন টয়লেট ব্রাশ হাতে নিয়ে তা পরিষ্কার করছেন। সাংসদ হেমন্ত পাতিলকে টয়লেটে জল ছিটাতেও দেখা যায়।

সোমবার হাসপাতালে ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার ৪৮ ঘন্টায় তা বেড়ে ৩১ হয়। সেখানে ৭১ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হাসপাতালের ডিন শ্যামরাও ওয়াকোডে সোমবার চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন ওষুধ কিংবা চিকিৎসকের কোনও অভাব নেই। তিনি দাবি করেছিলেন রোগীদের যত্ন নেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা চিকিৎসায় সারা দেয়নি।
হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় একনাথ শিন্ডে সরকারকে আক্রমণ করেছে সেখানকার বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, বিজেপি সরকার প্রচারের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু শিশুদের ওষুধ কেনার জন্য কোনও টাকা নেই।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন, মহারাষ্ট্রের নান্দেদের সিভিল হাসপাতালে ১২ শিশু-সহ ২৪ রোগীর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। বলা হচ্ছে ওষুধ ও চিকিৎসার অভাবে এইসব রোগীর মৃত্যু হয়েছে। ২০২৩-এর অগাস্টে থানের একটি সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনায় ১৮ রোগীর মৃত্যু হয়েছিল। কংগ্রেসের তরপে এই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে।
মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর চিকিৎসক দিলীপ মহিসকার বলেছেন, রোগী মৃত্যুর ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিন হাসপাতাল পরিদর্শন করেন মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ। হাসপাতাল সফরের আগে মন্ত্রী জানিয়েছিলেন, ওষুধ ও চিকিৎসকের কোনও অভাব ছিল না। তবে প্রতিটি মৃত্যুর তদন্ত করা হবে, কেউ গাফিলতি করলে তাঁকে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications