MP Assembly Elections 2023 Exit Poll: মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, ত্রিশঙ্কুর আভাস টিভি নাইনের
MP Assembly Elections 2023 Exit Poll: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল জানা যাবে ৩ ডিসেম্বর। তবে এবারও মধ্যপ্রদেশ নাটকীয় পরিস্থিতির সাক্ষী হতে চলেছে বলে আভাস বুথফেরত সমীক্ষায়।
টিভি নাইনের এগজিট পোলে চোখ রাখলে দেখা যাবে ১১৬-র ম্যাজিক ফিগারে পৌঁছনো চ্যালেঞ্জিং হতে পারে কংগ্রেস ও বিজেপির কাছেই।

মধ্যপ্রদেশ বিধানসভায় ২৩০টি আসনের মধ্যে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১১৪টি আসন, বিজেপি জেতে ১০৯টিতে, বহুজন সমাজ পার্টি ২টি, সমাজবাদী পার্টি ১টি ও নির্দল জেতে ৪টি আসনে। কংগ্রেসের আসন বেড়েছিল ৫৬টি, বিজেপির ৫৬টি আসন কমেছিল। প্রাথমিকভাবে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে পেরেছিল কংগ্রেস।
কিন্তু ২০২০ সালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিদ্রোহী হয়ে ওঠেন। এরপর ২২ জন বিধায়ক পদত্যাগ করায় পড়ে যায় কমল নাথ সরকার। শিবরাজ সিং চৌহান ক্ষমতায় আসেন। এবার ক্ষমতা ধরে রাখাই তাঁর কাছে চ্যালেঞ্জ। টিভি নাইনের বুথফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে।
শিবরাজ সিং চৌহানের উপর রাজ্যবাসীর ক্ষোভের আঁচ পড়তে পারে বিজেপির গায়ে। তাতে সরকার ধরে রাখা কঠিন হতে পারে বিজেপির। টিভি নাইনের এগজিট পোল অনুযায়ী, এই বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হলেও অবাক হওয়ার বিষয় নেই। বিজেপি পেতে পারে ১০৬ থেকে ১১৬টি আসন। উল্লেখ্য, ১১৬ হলো ম্যাজিক ফিগার।
কংগ্রেস ১১১টি থেকে ১২১টি পর্যন্ত আসন জিততে পারে টিভি নাইনের বুথফেরত সমীক্ষায় উল্লেখ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৬টি আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ দুই দলের কাছেই বেশ কঠিন হতে চলেছে। স্বাভাবিকভাবেই অন্য কারও সমর্থন নিয়ে বিজেপি সরকার ধরে রাখতে পারে, নাকি কংগ্রেসই ফের কুর্সি ছিনিয়ে নেয় তার টানটান লড়াইয়ে নজর দেশের রাজনৈতিক মহলের। মধ্যপ্রদেশ হাতছাড়়া হলে তা লোকসভা ভোটের আগে বড় ধাক্কা হবে বিজেপির।












Click it and Unblock the Notifications