মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই মেয়েকে খুন? তদন্তে পুলিশ
বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় নিজের কিশোরী কন্যাকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙার মকরমপুরে।
মুর্শিদাবাদ, ৭ নভেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় নিজের কিশোরী কন্যাকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙার মকরমপুরে। অভিযুক্ত মায়ের সাফাই, মেয়েকে সহপাঠীর সঙ্গে প্রেমে বাধা দিয়েছিলেন বলেই অভিমানে আত্মঘাতী হয়েছে মেয়ে। সোমবার সকাল থেকেই ওই কিশোরীর রহস্য-মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। পুলিশ অভিযুক্ত তাঞ্জিলা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এদিন বেলডাঙার মকরমপুর থেকে উদ্ধার হয় সুরাইয়া খাতুন (১৫) নামে নবম শ্রেণির ছাত্রীর দেহ। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃতদেহ উদ্ধারের পরই পরিবার ও স্থানীয়দের তরফে অভিযোগ করা হয়, মা-ই খুন করেছে মেয়েকে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সবকিছু জানতে পেরে গিয়েছিল সুরাইয়া। তার জেরে সম্প্রতি মা-মেয়ের মধ্যে অশান্তি শুরু হয়।

শেষমেশ মেয়েকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা মায়েরই। প্রতিবেশীদের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন মা তাঞ্জিলা বিবি। তাঞ্জিলার সাফাই, সম্প্রতি মেয়ের সঙ্গে তার এক সহপাঠীর প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। তিনি ওই সহপাঠীর সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেছিলেন মেয়েকে। কিন্তু সুরাইয়া তা শুনতে চায়নি। তা নিয়েই অশান্তি চলছিল। শেষমেশ অভিমান করে আত্মঘাতী হয় মেয়ে।
পুলিশ খতিয়ে দেখছে, সুরাইয়ার মৃত্যুর কারণ কী, কীভাবে তার মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। তাকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, নাকি সে নিজে আত্মঘাতী হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications