স্বাধীনতার পর প্রথম বাজেটের অধিকাংশই খরচ কোন খাতে হয়েছিল জানেন কি?
স্বাধীনতার পর প্রথম বাজেটের অধিকাংশই খরচ কোন খাতে হয়েছিল জানেন কি?
করোনা আবহের মধ্যেই চলতি বছর পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরের বাজেট পেশের আগে আমরা নজর রাখব স্বাধীন ভারতের কেন্দ্রীয় বাজেট এর বিবর্তন এর উপর। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে বাজেট পেশ হয়েছে তা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ দেশের প্রথম বাজেটের প্রায় ৫০ শতাংশই খরচ করা হয়েছিল একটি বিশেষ খাতে। জেনে নেওয়া যাক কী তার ইতিহাস।

ব্রিটিশ ভারতের বাজেট-কথা
১৮৬০ সালের ৭ এপ্রিল ঔপনিবেশিক ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী জেমস উইলসন। তাঁর হাতে ছিল গ্ল্যাডস্টোন বক্স। ব্রিটিশ অর্থমন্ত্রীও পার্লামেন্টে এই ব্যাগ নিয়েই বাজেট পেশ করতে যেতেন। সেক্ষেত্রে ব্রিটিশ ভারতে বাজেটের মূল লক্ষ ছিল কীকরে কৃষি ও শিল্পে আরও বেশি পরিমানে বিনিয়োগ করে দেশবাসীর কাছ থেকে বেশি পরিষেবা নেওয়া যায়, যার ফলে বৃদ্ধি পাবে ইংল্যান্ডের মুনাফা। তবে ১৯৪৭ সালের পর থেকে বদল ঘটে সমগ্র পরিস্থিতির।

স্বাধীনতার পর প্রথম বাজেট
স্বাধীন ভারতে সর্বপ্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। সেই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আর কে সনমুখম চেট্টি। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু। আর তাঁর ক্যাবিনেটে প্রথম অর্থমন্ত্রীর হাত ধরে পেশ হওয়া বাজেটে মূলত জোর দেওয়া হয়েছিল দেশের প্রতিরক্ষা খাতে।

প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ
১৯৪৭ সালের ২৫ অগাস্ট থেকে ১৯৪৮ সালের ৩১ মার্চের বাজেট হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম বাজেট রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ১৭১.১৫ কোটি টাকা। বছরের মোট ব্যয় অনুমান করা হয়েছিল ১৯৭.২৯ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে, প্রতিরক্ষা খাতেই ব্যয়ের খরচ রাখা হয়েছিল ৯২.৭৪ কোটি টাকা। মোট বাজেটের বেশিরভাগ টাকায় প্রথম বার প্রতিরক্ষা খাতে রাখা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবছর যে বাজেট পেশ হয়েছে তাতে অন্য কোনো বার প্রতিরক্ষা খাতে এত টাকা রাখা হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, হঠাৎ করে কেন প্রতিরক্ষা খাতে এত টাকা বরাদ্দ করা হয়েছিল? অনেকের ধারণা দেশের তখন যা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিকে অনুকূলে আনতে এই ব্যবস্থা নেওয়া হয়।

২০২১-এ প্রতিরক্ষায় বিনিয়োগ
"শান্তির পূর্বশর্ত হল বীরত্ব, বীরত্বের পূর্বশর্ত হল শক্তি এবং শক্তির পূর্বশর্ত হল আগে থেকে তৈরি থাকা এবং অন্য সমস্ত কিছু তার পরে আসে। আমাদের মধ্যে বলা হয়ে থাকে, সহিষ্ণুতা, ক্ষমা, দয়ার উপাসনা কেবল তখনই করা হয় যখন এর পিছনে শক্তির শিখা জ্বলজ্বল করে।" এই কথা আর কিছু নয়, ২০২১ সালে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দের পর প্রধানমন্ত্রীর দফতরের একটি লেখিত বিবৃতি। আর এই বিবৃতি থেকেই খুব স্পষ্ট যে ভারতের কেন্দ্রীয় বাজেটের মূল ফোকাসই থাকে দেশের প্রতিরক্ষা খাতে অধিক থেকে অধিকতর বিনিয়োগের মাধ্যমে ভারতকে আরও সুরক্ষিত রাখা। ২০২১ সালে প্রায় দেড় দশকের পরে, প্রতিরক্ষা খাতে মূলধন ব্যয় ১৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে ২০২০ সালে দেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ একলাফে ৭৪% বৃদ্ধি করা হয়েছিল।












Click it and Unblock the Notifications