১০ গুণ পর্যন্ত বেড়েছে মৃ্ত্যু, দৈনিক আক্রান্তের নিরিখেও মহারাষ্ট্রের ঘাড়ে নিশ্বাস ফেলছে কর্ণাটক
১০ গুণ পর্যন্ত বেড়েছে মৃ্ত্যু, দৈনিক আক্রান্তের নিরিখেও মহারাষ্ট্রের ঘাড়ে নিশ্বাস ফেলছে কর্ণাটক
এতদিন দেশে একটানা করোনা উদ্বেগ বাড়িয়ে চলেছিল দিল্লি, মহারাষ্ট্র। কিন্তু এবার সকলের উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে কর্ণাটকে। এমনকী দৈনিক আক্রান্তের নিরিথে এখনও পর্যন্ত মহারাষ্ট্র শীর্ষস্থানে থাকলেও ঘাড়ে নিশ্বাস ফেলছে কর্ণাটকও। আর তাতেই মাথায় হাত রাজ্যে স্বাস্থ্য আধিকারিকদের।

ভয় ধরাচ্ছে কর্ণাটক
অন্যদিকে পরিসংখ্যান বলছে বর্তমানে দেশের দৈনিক করোনা আক্রান্তের ১১.৭৫ শতাংশ মহারাষ্ট্রের, সেখানে ১১.৩৪ শতাংশ কর্ণাটকের। যদিও একদিন আগেই দৈনিক আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রকেও ছাপিয়ে গিয়েছিল এই দক্ষিণী রাজ্য। সোমবার কর্ণাটকে ৩৯ হাজার ৩০৫ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলে। সেখানে মহারাষ্ট্রে সোমবার করোনার কবলে পড়েন ৩৭ হাজার ২৩৬ জন।

দৈনিক আক্রান্তের নিরিখেও মহারাষ্ট্রে ঘাড়ে নিশ্বাস ফেলছে কর্ণাটক
এদিকে গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে ৩৯ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা দেশেক মধ্যে তৃতীয় সর্বোচ্চ। কর্ণাটকের উপরেই রয়েছে কেরল। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫২৯ জন। অন্যদিকে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৮১ জন। কিন্তু যে হারে কর্ণাটকে সংক্রমণ বাড়ছে তাতে শীঘ্রই দেশের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে উঠে যাবে এই রাজ্য, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

এক মাসে ১০ গুণ পর্যন্ত বেড়েছে মৃ্ত্যু
অন্যদিকে এক মাসের ব্যবধানে কর্ণাটকে মৃত্যুর পরিমাণও প্রায় ১০ গুণ বেড়ে গিয়েছে। এপ্রিলের ১৫ তারিখে যেখানে কর্ণাটকে দৈনিক মৃতের সংখ্যা ছিল ৩৮, মে মাসের ১১ তারিখ তা বেড়ে দাঁড়ায় ৪৮০। একইসাথে গত এদকদিনে কর্ণাটকে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। মোট মৃতের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। আর তাতেই নতুন করে উদ্বেগ বড়েছে আম-আদমির মধ্যে।

বাঁধ ভাঙছে সক্রিয় রোগীর সংখ্যাও
এদিকে সক্রিয় রোগীর সংখ্যাতেও মহারাষ্ট্রকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে গিয়েছে কর্ণাটক। বর্তমানে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। পরিসংখ্যান বলছে আসল সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯২ হাজার ১৮২। অন্যদিকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ১২৯। এদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫।












Click it and Unblock the Notifications