Monsoon Alert: আর ২ দিনের অপেক্ষা, বর্ষা নিয়ে বড় আপডেট দিল IMD
দহনে পুড়ছে বাংলা। তারই মাঝে বর্ষা নিয়ে স্বস্তির খবর শোনাল IMD। বঙ্গোপসাগরে এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগ ২ দিনের মধ্যেই সেটি কেরলে প্রবেশ করবে। গত ৪৮ ঘণ্টায় অনেকটাই গতি পেয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
দক্ষিণ আরব সাগর, মলদ্বীপ, কমোরিন, দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘণ্টায় সেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে বলে জানিয়েছে আইএমডি। ৪ জুন কেরলে প্রবেশ করবে বর্ষা। তার আগে কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যত এগিয়ে আসবে কেরল উপকূলের দিকে ততই দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করবে। তারপরেই ধীরে ধীরে সেগুলি নিম্নচাপের রূপ নিয়ে বর্ষা হিসেবে ঢুকে পড়বে ভারত ভূখণ্ডে।
কেরল, লক্ষদ্বীপ এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলেও চলছে বর্ষণ। কেরলে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে যখন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে তখন হঠাৎ করেই বর্ষার এই আপডেট আশার আলো দেখিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কেরলে বর্ষা ঢুকতে আবহওয়া অনেকটাই বদলে যাবে। আগামী সোমবার থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আইএমডি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেক মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশা এবং সিকিমেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে আগামী ২ দিন অর্থাৎ রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। এমনকী উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহ চলছে। বর্ষা ৪ তারিখ প্রবেশ করতে শুরু করবে বলে মহারাষ্ট্র, বিদর্ভ, ছত্তিশগড় জেলায় গরমের দাপট অনেকটাই কমে যাবে।

তবে পশ্চিমবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে তা নিয়ে এখনই কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। জুন মাসের ১ তারিখে কেরলে বর্ষা প্রবেশ করলে জুন মাসের ৫ তারিখে সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে। প্রথমে উত্তরবঙ্গে শুরু হয় বর্ষার বৃষ্টি তারপরে সেটা ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু এবার যেহেতু কেরলেই ৪ তারিখে বর্ষা প্রবেশ করছে সেহেতু রাজ্যেও অনেকটা দেরিতে ঢুকবে বর্ষা।












Click it and Unblock the Notifications