Monsoon 2023: আরব সাগরে ফুঁসছে দানব ঘূর্ণাবর্ত, কেরলে বর্ষা বিলম্বের আসল ভিলেন কি 'বিপর্যয়'?
আরব সাগরে ঘনীভূত হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। তার জেরেই দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু কেরলে ঢুকতে বাধা পাচ্ছে। দানবীয় ঘূর্ণাবর্ত বর্ষার মেঘের সব জলীয় বাষ্প শুষে নিচ্ছে। তার জেরেই এই কেরলে এখনও প্রবেশ করতে পারেনি বর্ষা।
১ জুন কেরলে বর্ষা প্রবেশ করার কথা। তাতে দেরি হবে আগেই জানিয়েছিল মৌসম ভবন। ৪ জুনের মধ্যে মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করবে বলে জানানো হয়েছিল। তিনি ৪ পার হয়ে ৫ হয়ে গিয়েছে। কেরলে মৌসুমীবায়ুর প্রবেশ করেনি এখনও। এই নিয়ে রীতিমত উদ্বেগে আবহাওয়াবিদরা।

কারণ বর্ষার উপরেই গোটা দেশের চাষের কাজ নির্ভর করে। সেকারণে বর্ষার এতোটা দেরিতে আসায় কৃষিকাজে প্রভাব ফেলবে। বর্ষা দেরিতে আসায় ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে নজির বিহীন ভাবে। জুন মাসের ১০ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ডেড লাইনের পর ডেড লাইন দিয়ে যাচ্ছে মৌসম ভবন কিন্তু মৌসুমী বায়ু কিছুতেই ধরা দিচ্ছে না। এবার আগামী ২ দিনের মধ্যে বর্ষা কেরলে প্রবেশ করবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। বর্ষা দেরিতে আসার অন্যতম কারণ আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সব জলীয় বাষ্প শুষে নিয়ে যাচ্ছে। তার জেরে মৌসুমী বায়ু কেরলে প্রবেশের মত সিস্টেম তৈরি হচ্ছে না।

আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে আরবসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটা একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি করেছে উপকূলে। এই নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার সেটি দক্ষিণপশ্চিম আরব সাগরে শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে।
যদিও আন্দামান এবং লক্ষদ্বীপে সৌমুমী বায়ু ভালমতই সক্রিয় হয়ে উঠেছে। এবং সেখানে বর্ষা বৃষ্টি চলছে। একের পর এক সিস্টেম সেখানে তৈরি হচ্ছে। কিন্তু কেরলে প্রবেশ করার মত গতি পাচ্ছে না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণ কেরলে প্রবেশের সাত দিনের মধ্যেই মহারাষ্ট্রে প্রবেশ করে বর্ষা। ৭ থেকে ১০ তারিখের মধ্যে এবার কেরলে প্রবেশ করতে পারে বর্ষা বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। জুনের দ্বিতীয় সপ্তাহের আগে পুণেতে বর্ষার প্রবেশের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আইএমডি।

যদিও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পুণেতে। মহারাষ্ট্রেও চলছে প্রাক বর্ষার বৃষ্টি। কিন্তু দেশের অন্যান্য জায়গায় এখনও প্রাক বর্ষার তেমন কোনও বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দফতর বলছে আগামী কয়েকদিনও তাপপ্রবাহের ধারা বজায় থাকবে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। দহনে পুড়ছে উত্তরবঙ্গও।












Click it and Unblock the Notifications