দিল্লি হিংসা ঘটানোর জন্য বিদেশ থেকে টাকা এসেছিল, দাবি অমিত শাহের
দিল্লি হিংসা ঘটানোর জন্য বিদেশ থেকে টাকা এসেছিল, দাবি অমিত শাহের
দিল্লি হিংসা নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন অমিত শাহ। বললেন, 'ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার জন্য বিদেশ থেকে টাকা এসেছিল। আগেই তদন্তকারী সংস্থা আগাম জানিয়েছিল সে কথা। তার ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারির আগেই ৫২ জন গ্রেফতার হয়েছিল।’ হিংসায় মদতদাতাদের গ্রেফতার করা হবে, বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বৃহস্পতিবার সংসদে বলেন, 'আমরা বিভিন্ন তদন্তকারী সংস্থার থেকে জানতে পেরেছি যে বিদেশ থেকে ও দেশের বাকি অংশ থেকে অর্থ এসেছিল এবং ২৪ ফেব্রুয়ারির আগেই তা বিতরণ হয়ে যায়।’ তিনি আরও বলেন, 'আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছিলাম কিন্তু সাম্প্রদায়িক অশান্তি ঠেকাতে পারিনি। এই বিষয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই হিংসাত্মক ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে।’ অমিত শাহ আরও জানান যে দিল্লির অন্য সব ঘটনার বাইরে এই ঘটনায় ব্যক্তিগত অস্ত্রকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, '৪৯টি মামলা এ বিষয়ে দায়ের হয়েছে এবং ৫২ জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে প্রায় এক হাজারটি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।’
দিল্লি পুলিশের প্রশংসা করে অমিত শাহ জানিয়েছেন দিল্লির শুধুমাত্র ৪ শতাংশ এলাকায় হিংসা হয়েছে। হিংসা ছড়াতে দেয়নি দিল্লি পুলিশ। দিল্লি হিংসার ৩৬ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ করেছে পুলিশ। দিল্লি হিংসায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। যে ব্যক্তির ছুরির আঘাতে পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications