মোদী ৩.০ এর সব চেয়ে কম বয়সের মন্ত্রী মোহন নায়ডু, ভারতের নতুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী
বাঘা বাঘা রাজনীতিকরা দেশের বিভিন্ন দফতরের মন্ত্রী হয়েছেন। পুরনো অনেক মুখ গুরুত্বপূর্ণ দফতর সামলানোর দায়িত্ব ফের পেয়েছেন। নতুন এনডিএ মন্ত্রিসভায় সব চেয়ে কম বয়সের মন্ত্রী কে হলেন? তাঁর কাছে গেল কোন দফতর?
তেলেগু দেশম পার্টি (টিডিপি) সাংসদ কিঞ্জরাপু রাম মোহন নায়ডু এবার এনডিএ মন্ত্রিসভাতে জায়গা পেয়েছেন। ভারতের নতুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হয়েছেন তিনি। তাঁকে নিয়েই শুরু হয়েছে চর্চা। কারণ, এবারের নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বয়সে সর্বকনিষ্ঠ সদস্য হলেন তিনিই৷

কিঞ্জরাপু রাম মোহন নায়ডুর বয়স মাত্র ৩৬ বছর৷ ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হিসাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগে ছিলেন। সেই মন্ত্রিত্ব এবার হাতবদল হয়েছে৷ বয়স ৩৬ হলেও রাম মোহন নায়ডু এখনই তিন বারের লোকসভার সাংসদ নির্বাচিত হয়ে গিয়েছেন। এবারের মন্ত্রিসভায় তিনি সব থেকে তরুণ সদস্য হিসেবে রেকর্ডও গড়লেন।
রাম মোহন নায়ডু টিডিপি দলের এক অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। চন্দ্রবাবু নায়ডুর অন্যতম নির্ভরযোগ্য রাজনৈতিক সৈনিক। এবার লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি ভালো ফল করেছে। দলকে পরিচালনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাম মোহন নায়ডু।
রাম মোহন নায়ডু টিডিপির জাতীয় সাধারণ সম্পাদক। তিনি শ্রীকাকুলাম আসন থেকে জয়ী হয়েছেন। YSR কংগ্রেস পার্টির পেরাদা তিলককে তিন লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি।
কিঞ্জরাপু রাম মোহন নায়ডু ১৯৮৭ সালের ১৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। অন্ধ্রপ্রদেশের এক শক্তিশালী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা, প্রয়াত কিঞ্জরাপু ইয়েরান নায়ডু, তেলেগু দেশম পার্টির (টিডিপি) একজন বিশিষ্ট নেতা ছিলেন। তিনি ১৯৯৬ সালে সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কাকা কিঞ্জরাপু আতচানায়ডু অন্ধ্র প্রদেশের টিডিপি প্রধান।
২০১২ সালে একটি গাড়ি দুর্ঘটনায় কিঞ্জরাপু ইয়েরান নায়ডু মারা যান। তারপরই সক্রিয় রাজনীতিতে আসে ছেলে। ২৬ বছর বয়সে তিনি ২০১৪ সালে শ্রীকাকুলাম থেকে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। ১৬ তম লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সাংসদ হয়েছিলেন। ২০১৯ সালেরও তিনি জয়ী হয়ে সাংসদ হন।
আর এবার এনডিএ মন্ত্রিসভায় মন্ত্রী। এখন, রাম মোহন নায়ডু, ৩৬ বছর বয়সে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সবচেয়ে কম বয়সী সদস্য।












Click it and Unblock the Notifications