Mohali Building Collapse: তাসের ঘরের মতো বহুতল ধসে মৃত ১, আহতদের উদ্ধারে নামল সেনা; মালিকের বিরুদ্ধে FIR
Mohali Building Collapse: পঞ্জাবের মোহালিতে মর্মান্তিক দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। চাপা পড়ে মৃত্যু তরুণীর (Woman Died)। এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য (Rescue Operation)। এনডিআরএফের (NDRF) পাশাপাশি উদ্দারকাজে নেমেছে সেনা ও পুলিশ। ইতিমধ্যেই বহুতলের মালিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, তিনতলা ওই ভবনে ছিল একটি জিম। হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। অপরদিকে মৃত বছর ২০-র তরুণীর নাম দৃষ্টি ভার্মা। হিমাচল প্রদেশের থিয়গের বাসিন্দা তিনি।

সংকটজনক অবস্থায় তাঁকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সোহানার হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডিএসপি হরসিমরন সিং বল জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলার মাঝেই ২০ বছর বয়সী তরুণীর দেহ উদ্ধার হয়।
গোটা ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় বহুতল মালিকের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। জানা গিয়েছে, বহুদলের দুই মালিকের নাম পরবিন্দর সিং ও গগনদীপ সিং। বহুতল বিপর্যয়ের পর থেকেই দুই অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, পুলিশ ও জেলা প্রশাসনও। প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম। ধ্বংসস্তূপ সরাতে আর্থমুভার আনা হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। উপরের স্তরের ধ্বংসস্তূপ ইতিমধ্যেই সরানো হয়েছে। বেসমেন্ট সাফাইয়ের কাজ চলছে বর্তমানে। তার নিচেই মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।
বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সময় বিকট শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মোহালির সাহিবজাদা অজিত সিং নগরে সোহানার কাছে বহুতল ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে জোরকদমে উদ্ধারকার্জ চালানো হচ্ছে। প্রশাসনের সঙ্গে সবরকম যোগাযোগ রেখে চলা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মোহালির এসএসপি দীপক পারিক। যদিও ঠিক কতজন আটকে রয়েছেন তা নির্দিষ্টভাবে জানা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। আনন্দপুর সাহিূবের সাংসদ মালবিন্দর সিং কাঙ ও মোহালির বিধায়ক কুলওয়ান্ত সিং ঘটনাস্থলে উদ্ধারকার্যের তদারকি করতে পৌঁছন।












Click it and Unblock the Notifications