সম্প্রসারণবাদী মানসিকতা ছাড়তে হবে প্রতিবেশী দেশকে, চিনকে কটাক্ষ মোদীর

অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে গত বেশ কয়েক বছর ধরে ভারত ও চিনের মধ্যে অস্বস্তি, বিরোধ-সংঘাতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সাফ কথা, ‘সম্প্রসারণবাদী মানসিকতা' ছাড়তে হবে চিনকে। কারণ বর্তমান দুনিয়ায় এর কোনও স্থান নেই। গোটা পৃথিবীই আজ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে।
বিশ্বের কোনও শক্তির ক্ষমতা নেই যে অরুণাচলকে ভারতের কাছে থেকে কেড়ে নেবে, তার এই কড়া অবস্থানের কথা স্পষ্টভাবেই জানিয়ে দিলেন তিনি।
পাসিঘাটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, চিরদিন থাকবেও। কোনও শক্তির ক্ষমতা নেই আমাদের হাত থেকে অরুণাচলকে ছিনিয়ে নেওয়ার। অরুণাচলের মানুষ চিনের চাপে বা ভয়ে ভীত নন। তাঁর হাতে ক্ষমতা থাকলে অরুণাচলকে কখনও হাতছাড়া হতে দেবন না বলেও জানিয়ে দিলেন তিনি।
চিনকে তোপ দেগে তিনি বলেন, সম্প্রসারণবাদী নীতি ত্যাগ করে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়লে দুদেশই শান্তি, সমৃদ্ধি, অগ্রগতির রাস্তায় এগিয়ে যেতে পারবে। চিনও উন্নয়নের রাস্তায় আসুক। গোটা বিশ্বের উন্নয়নের দিকে নজর দিক।












Click it and Unblock the Notifications