ক্ষমতায় এলে দিল্লির ভাগ্য বদলে দেব, নির্বাচনী প্রচারে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
দিল্লিতে নির্বাচনী ভাষণে বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি আজ দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিজেপি ক্ষমতায় এলে দিল্লির ভাগ্য বদলে দেবে। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে তোপ দেগে প্রধানমন্ত্রী দাবি করেন যে কেন্দ্রে বিজেপির আনা জনকল্যাণমূলক প্রকল্পগুলি দিল্লিতে কার্যকর করা হচ্ছে না। মোদীর অভিযোগ, দিল্লির উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেজরিওয়ালের সরকার।
|
ভোটারদের প্রতিশ্রুতি মোদীর
দিল্লির ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'দিল্লি আসলে কী চায় আমাকে তা বলে দেওয়ার দরকার নেই। প্রয়োজনগুলি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে সবাই। গত বছরের সাধারণ নির্বাচনে, দিল্লির লোকেরা বিজেপিকে বিপুল ভোটে জিতিয়েছিল। যারা বিজেপিকে দিল্লির সাতটি লোকসভার আসন দিয়েছে, তাদেরই ভোট এই দেশের ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছিল। এবার তাদের ভোট দিল্লির ভাগ্য বদলে দেবে এবং শহরটিকে নিরাপদ, আধুনিক ও পরিষ্কার করে তুলবে।'
|
আম আদমি পার্টিকে তোপ
আম আদমি পার্টিকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, 'দিল্লি সরকার এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়ন করতে দিচ্ছে না। যতক্ষণ এই সরকার দিল্লিতে ক্ষমতায় থাকবে ততক্ষণ এরা কল্যাণমূলক কাজে বাধা দিতে থাকবে। তারা রাজনীতি খেলা ছাড়া কিছুই জানে না।'

দিল্লি প্রচারে জোর প্রধানমন্ত্রীর
এর আগে ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে এক বিশাল জনসভাতে ভাষণ রেখেছিলেন প্রধানমন্ত্রী। ধরে নেওয়া হচ্ছিল যে নরেন্দ্র মোদীর সেই সভাই দিল্লিতে নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছিল। তবে নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর এই প্রথম কোনও জনসভায় ভাষণ রাখছেন প্রধামন্ত্রী।
|
পাকা বাড়ির প্রতিশ্রুতি
এদিকে ২২ ডিসেম্বরের সেই সভা থেকে ১৭০০ কলোনির প্রায় ৪০ লক্ষ মানুষকে তাদের বাসস্থানের বৈধতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গেও প্রধানমন্ত্রী আজ বলেন, 'আমরা ক্ষমতায় এলে ২০২২ সালের মধ্যে পাকা বাড়ি পাবেন গরিব মানুষরা।'

দিল্লি নির্বাচনের আগে হেভিওয়েটদের প্রচার
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ নেতাদের সাথে জাতীয় রাজধানীর সমস্ত বিধানসভা কেন্দ্র পরিদর্শন করে বিজেপি কর্মীরা। এভাবেই ভোটারদের মন জয় করতে নির্বাচনের আগে যোগাযোগ কর্মসূচি পরিচালনা করা হয় বিজেপির তরফে। সেই প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করতে এবার ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications