তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করলেন মোদী, উপহার স্বরূপ দিলেন মহাকুম্ভের পবিত্র গঙ্গা জল
সোমবার নয়াদিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের সময়, প্রধানমন্ত্রী মোদী তাকে মহাকুম্ভের সময় সংগৃহীত পবিত্র গঙ্গার জল উপহার দেন।
এই বছর ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়া মহাকুম্ভে প্রায় ৬৬ কোটিরও বেশি ভক্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত ছিলেন। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ থেকে সংগৃহীত গঙ্গার জলই উপহার দেওয়া হয় তুলসী গ্যাবার্ডকে।

গ্যাবার্ডের প্রতিক্রিয়া ও তুলসী মালার উপহার
গঙ্গা জলের বিনিময়ে, গ্যাবার্ড প্রধানমন্ত্রী মোদীকে তুলসী মালা উপহার দেন, যা বিশেষভাবে ভগবান কৃষ্ণের ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এক সাক্ষাৎকারে জানান, যে তিনি ভালো এবং কঠিন উভয় সময়েই ভগবদগীতার থেকেই শক্তি ও নির্দেশ গ্রহণ করেন। আর তুলসী মালা হল সেই কৃষ্ণের ভক্তদের জন্যেই।
গ্যাবার্ডের এই সফর দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার করার লক্ষ্যে আয়োজিত হয়েছিল। রবিবার ভোরে নয়াদিল্লিতে পৌঁছানোর পর, তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে গ্যাবার্ড প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন। সেখানে নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)-এর ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। তাঁকে খালিস্তানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার অনুরোধও জানান তিনি।
গ্যাবার্ড তার ভারত সফরের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কনক্লেভেও অংশ নেন, যেখানে ২০টিরও বেশি দেশের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় প্রত্যেকের সাথেই কথাবার্তা বলেন গ্যাবার্ড।
এটি গ্যাবার্ডের দ্বিতীয় বিদেশ সফর, যা জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের পর অনুষ্ঠিত হল। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের পর এই বৈঠক ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে। এখান থেকে নিরাপত্তা ক্ষেত্র আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications