নজরে বাংলা, ৫ রাজ্যে নির্বাচনী রণকৌশল ঠিক করতে দিল্লিতে মোদীর নেতৃত্বে দিনভর বৈঠক বিজেপির
নজরে বাংলা, ৫ রাজ্যে নির্বাচনী রণকৌশল ঠিক করতে দিল্লিতে মোদীর নেতৃত্বে দিনভর বৈঠক বিজেপির
বেজে গিয়েছে নির্বাচনে দামামা। এদিকে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই ইতিমধ্যেই বাংলার মাটিতে পা রেখেছে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বাংলার পাশাপাশি নির্বাচনী হাওয়ায় তপ্ত অসম, পদুচেরি, কেরল, তামিলনাড়ুও। এমতাবস্থায় পাঁচ রাজ্যে নির্বাচনী রণকৌশল ঠিক করতে মোদীর নেতৃত্বে দিল্লিতে শুরু হল বিজেপির বিশেষ বৈঠক।

দিনভর বৈঠক দিল্লিতে
রবিবার দিনভর এই বৈঠক চলবে বলে জানা যাচ্ছে। এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডা দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কেন্দ্রীয় বৈঠক হতে চলেছে। কারণ কোভিডের কারণেই এতদিন এই বৈঠক স্থগিত ছিল বলে জানা যাচ্ছে। অন্যদিকে ২০১৪ সালে দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বিজয় টার্গেট করে রেখেছেন অমিত শাহ। এমতাবস্থায় মোদী মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে যোগ দেওয়ার পর বড় মাত্রার দলীয় বৈঠকের নিরিখে এটিও অমিত শাহের কাছে প্রথম।

দু’বার বক্তব্য রাখবেন মোদী
এদিকে এদিনের বৈঠকে মোদী দু'বার বক্তব্য পেশ করবেন বলে জানা যাচ্ছে। এদিন মোদীর হাত ধরেই সকাল দশটার সময় বৈঠক শুরু হয় বলে জানা যাচ্ছে। তখনও একদফা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সন্ধ্যায় গোটা কর্মসূচি শেষের সময়েও তিনি ফের বক্তব্য রাখবেন বলে খবর। এদিকে মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে বিজেপি এ বার যে বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তা বলাই বাহুল্য।

পাখির চোখ বাংলা
অন্যদিকে দক্ষিণের দুই রাজ্য কেরল, তামিলনাড়ুতে জয়ের ব্যাপারে বিশেষ আশাবাদী নয় গেরুয়া শিবির। ইতিমধ্যেই তামিলনাড়ুতে এআইএডিএমকে জানিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে থাকছে না। তবে অসমে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবেন বলেই মনে করছে বিজেপি। তবে এবারের ভোটে পাখির চোখ যে বাংলা তা বারংবার একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। রাজ্যে পরিবর্তন আনার বার্তা নিয়ে 'পরিবর্তন যাত্রা'ও শুরু করেছে বিজেপি।

কৃষি আইন নিয়েও আলোচনার সম্ভাবনা
অন্যদিকে এদিনের বৈঠকে সভাপতিত্ব করছেন জেপি নাড্ডা। দিল্লিতে এনডিএমসি কনভেনশন সেন্টারে এই বৈঠক হচ্ছে বলে খবর। এদিকে ভোটের আবহেই কৃষি আইন নিয়ে অনেকটাই কোণঠাসা কেন্দ্র। ইতিমধ্যেই ভোটের আগে বাংলাতেও ট্রাক্টর মিছিল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। এমতাবস্থায় এ দিনের বৈঠকে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল নির্ধারণের পাশাপাশি কৃষি আইন নিয়ে চলমান কৃষক আন্দোলন নিয়েও আলোচনা হবে বলে বিজেপি সূত্রে খবর।












Click it and Unblock the Notifications