মঞ্চ থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতিশ্রুতি! হাসি থামাতে পারলেন না প্রধানমন্ত্রী মোদী
পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে সভা করে বিহারের ঔরঙ্গাবাদে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও তিনি অনেক প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে মঞ্চে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঞ্চে প্রধানমন্ত্রী বসে থাকে অবস্থাতেই নীতীশ কুমার এমন কিছু বলেন, যাতে প্রধানমন্ত্রী হাসতেই থাকেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, তিনি (প্রধানমন্ত্রী মোদী) আগেও বিহারে এসেছিলেন। কিন্তু তাঁরা (জেডিইউ) সেই সময় ছিলেন না। কিন্তু এবার তিনি আশ্বস্ত করছেন, এদিক-ওদিক আর কোথাও যাবেন না। তাঁর (প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি) সঙ্গেই থাকবেন।

এখানেই শেষ নয়, নীতীশ কুমার যখন প্রধানমন্ত্রী মোদীকে সম্বোধন করে বলেন, অনেক কাজ চলছে, তিনি তাড়াতাড়ি করে ফেলবেন, সেই সময় প্রধানমন্ত্রী মোদী হাসতে শুরু করেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হেসে আবারও বলেন, তিনি (মোদী) এসেছেন বলে সবাই খুব খুশি। তিনি আগে যখন এসেছিলেন, তারা (জেডিইউ) অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই কারণে তিনি আশ্বাস দিচ্ছেন, এখানে ওখানে আর নয়। কেবল তাঁর (মোদী) সঙ্গেই থাকবেন।
প্রসঙ্গত, নীতীশ কুমার বিহারে মহাজোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং বিজেপির সঙ্গে সরকার তৈরি করেছেন। তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড সংখ্যকবার শপথ গ্রহণ করেছেন। নীতীশ কুমার বলেছেন, ২০০৫ সাল থেকে একসঙ্গে ছিলেন এবং একটানা অনেক কাজ করেছেন।
নীতীশ কুমার বলেছেন, বিহার এগিয়ে যাক, এটাই তাদের কামনা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, রাজ্যের (বিহার) জন্য তিনি (মোদী) যে কাজ করেছেন, তাতে সকলের এগিয়ে যাওয়া উচিত। নীতীশ কুমার আরও বলেছেন, তিনি খুব খুশি যে প্রধানমন্ত্রী এদিন এসেছেন। তাদের পূর্ণ আস্থা রয়েছে যে মোদী বিহারে আসতেই থাকবেন। এদিন নীতীশ কুমারও প্রধানমন্ত্রী স্লোগান, এবার চারশো পার, পুনরায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তারা আত্মবিশ্বাসী যে এনডিএ কমপক্ষে চারশো আসনে জয় পাবে।
নীতীশের কথায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিহারে আবার ডাবল ইঞ্জিন সরকার এসেছে। যারা বিহারকে লুট করেছে তারা সমস্যায় পড়েছে। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে নিশানা করে তিনি বলেছেন, এই দলের নেতারা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি নয়, সেই কারণেই তাঁরা রাজ্যসভায় যাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বিহারকে আর পুরনো যুগে ফিরে যেতে দেওয়া হবে না। বিহারের উন্নয়নই মোদীর গ্যারান্টি বলেও বর্ণনা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications