'সার্জিক্যাল স্ট্রাইকে সেনার ভূমিকায় গর্বিত প্রতিটি ভারতীয়', নওশেরায় মোদীর বার্তার মাঝে জওয়ানদের জয়ধ্বনি
'ইতিহাস আসবে যাবে, ভারত অমর থেকে যাবে', নওশেরা সেক্টরে সেনা জওয়ানদের মাঝে বার্তা দিতে গিয়ে এদিন একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ২০২১ সালের দিওয়ালি তিনি প্রতিবারের মতোই এবারও ভারতীয় সেনার সঙ্গে কাটাচ্ছেন। এবছর তিনি ভূস্বর্গের নৌশেরা সেক্টরে সেনার সঙ্গে দিনটি পালন করছেন। এদিন মোদী সেনার উদ্দেশে বার্তায় একাধিক বক্তব্য তুলে ধরেন। 'ভারত মাতা কি জয়' ধ্বনি দিয়ে জওয়ানদের তরফে প্রধানমন্ত্রীর বার্তাকে স্বাগত জানানো হয় এদিন।

নৌশেরা সেক্টর থেকে মোদীর বার্তা
দিওয়ালিতে এই বছর জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে সেনার সঙ্গে সময় কাটাচ্ছেন নরেন্দ্র মোদী। সেখানে জওয়ানদের নিয়ে একটি সভায় নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে দেশের সুরক্ষা কবচ বলে বর্ণনা করেছেন, যাঁরা মা ভারতীর সেবার নিয়োজিত। তিনি বলেন, ভারতীয় সেনা জেগে রয়েছে বলেই দেশ শান্তিতে দিওয়ালি উদযাপন করতে পারছে। তিনি জানান সেনাদের জন্যই গোটা দেশ নিশ্চিন্তে রয়েছেন। আর শুধু সীমান্তেই নয়, ভারতীয় সেনা দেশের প্রতিটি বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজেদের বৈশিষ্টকে তুলে ধরেছে।

'আমি পরিবারের সঙ্গে দিওয়ালি কাটাতে চাই '
উল্লেখ্য, নরেন্দ্র মোদী নৌশেরা সেক্টরে পৌঁছেই এদিন সেনার পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। তারপর জওয়ানদের নিয়ে এক সভায় মোদী বলেন, 'আমি আমার পরিবারের সঙ্গে দিওয়ালি কাটাতে চাইছিলাম। আর সেই কারণেই আমি উৎসবের দিনে এখানে এসেছি'। এদিন মোদী সেনাকে কুর্নিশ জানাোর পাশাপাশি তাঁদের জন্মদাত্রীদেরও কুর্নিশ জানিয়েছেন নিজের ভাষণে। নিজের বক্তব্যে মোদী বলেন, সেনার শক্তিই শান্তিকে রক্ষা করে রাখে। সেই লক্ষ্যে যে ভারতীয় সেনা সেরা , তা জানান দিতে ভোলেননি মোদী।

কর্তব্য নিয়ে বার্তা মোদীর
এদিন নিজের পালনীয় কর্তব্য বিষয়ে নরেন্দ্র মোদী শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয়ের বার্তা দেন। তিনি বলেন, শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয় করে আসার পর বলেছিলেন, সোনার লঙ্কা জয় করলেও, নিজের দেশের মাটির চেয়ে গর্বের বিষয় আর জায়গা আর কিছু নেই। মোদী স্মরণ করান, মানবতাকে রক্ষা করে দুষ্টের দমনে ব্রতী হওয়াই প্রতিরক্ষার লক্ষ্য। সেই এক ব্রত নিয়ে কার্যত ভারতীয় সেনা এগিয়ে চলেছে বলে জানান মোদী।

আত্মনির্ভর ভারত
এদিন নরেন্দ্র মোদী ফের একবার আত্মনির্ভর ভারতের বার্তা দেন। তিনি বলেন, এর আগে বেশিরভাগই প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশ থেকে আমদানী করা জিনিসের ওপর ভরসা করে এগিয়ে যেত ভারত। তবে এবার তা ভরাতের বুকেই তৈরি হচ্ছে। আত্মনির্ভর ভারতের হাত ধরে প্রতিরক্ষায় এগিয়ে যাচ্ছে দেশ। মোদী বলেন, বিশ্বে যেভাবে পরিবর্তন আসছে বিভিন্ন দিকে সেই পরিবর্তনের পথ ধরেই ভারতকে এগিয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications