মানবিক উদ্যোগ, কোভিড মহামারিতে অনাথ শিশুদের মাসিক ভাতা বাড়াবে কেন্দ্র
কোভিড মহামারিতে অনাথ শিশুদের মাসিক ভাতা বাড়াবে কেন্দ্র
করোনা ভাইরাসের দু’বছরের দাপটে বহু শিশুই তাদের অভিভাবককে হারিয়েছে। মা–বাবা হারা সেই সব শিশুরা আজ অনাথ। কেন্দ্র সরকার সেই সব শিশুদের দায়িত্ব গ্রহণ করেছে। সূত্রের খবর, সরকার কোভিডে অনাথ শিশুদের মাসিক ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে চার হাজার টাকা করে দিতে চাইছে। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এই ভাতা বৃদ্ধির প্রস্তাব তৈরি করেছে এবং তা শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রীসভায় পেশ করা হবে।

পিএম কেয়ারের অন্তর্গত শিশুদের স্কিমে, ভারত সরকার এই সমস্ত শিশুদের বিনামূল্যে পড়াশোনা করানোর ভার গ্রহণ করেছে এবং তাদের যখন ২৩ বছর বয়স হবে তখন তাদের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা করে অর্থ পৌঁছে যাবে। পিএম কেয়ার চিলড্রেন পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক কোভিড অনাথ শিশুদের থেকে ৩২৫০ টি অনুরোধ পেয়েছে, যার মধ্যে ৩৮০ টি অনুরোধ স্থানীয় প্রশাসন প্রত্যাখ্যান করেছে এবং ৬৬৭টি এরকম অনুরোধ এখন পর্যন্ত গৃহীত হয়েছে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ওয়েভে অভিভাবকহীন হয়েছে ৫৭৭ জন শিশু। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, কোভিড মহামারির জেরে দেশে প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ মানুষ। আমেরিকা, ব্রাজিলের পর বিশ্বে সবথেকে বেশি কোভিডে মৃতের সংখ্যা ভারতে। দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে কোভিডে মৃতের এই তথ্য পেয়েছে সরকার। সূত্রের খবর, কোভিডে বাবা-মাকে হারিয়ে এখন এইসব অনাথ শিশুরা তাদের আত্মীয় বা পরিচিতদের কাছেই রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই অনাথ শিশুদের বিষয়ে খবর রাখছে কেন্দ্র।
দেশের এই অনাথ শিশুদের স্বার্থে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের 'নন ইনস্টিটিউশনাল চাইল্ড কেয়ার' ফান্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা করে প্রতিটি জেলাকে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই অনাথ শিশুদের পাচারের বিষয়ে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলে পুলিশকে সতর্ক হতে বলা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছে যে এইসব শিশুদের পড়াশোনায় যেন কোনও বাধা না আসে তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। এখানেই শেষ নয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোভিড অতিমারিতে অনাথ হওয়া শিশু কিশোরদের জন্য বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এব্যাপারে ঘোষণা করেছেন। পিএম কেয়ারস ফান্ড থেকে প্রিমিয়ামের টাকা দেওয়া হবে।












Click it and Unblock the Notifications