মোদীর ব্যর্থতার কারণে বিশালাকার মুদ্রাস্ফীতির মুখে দেশ, বাড়ছে পেট্রোপণ্যের দাম, আক্রমণে চিদাম্বরম
মোদীর ব্যর্থতার কারণে বিশালাকার মুদ্রাস্ফীতির মুখে দেশ, বাড়ছে পেট্রোপণ্যের দাম, আক্রমণে চিদাম্বরম
এদিকে মে মাসের পর জুনেই খুচরো মুদ্রাস্ফীতির হার উর্ব্ধমুখীই রয়েছে। সেই সঙ্গে স্বস্তি দিচ্ছে না পাইকারি মুদ্রাস্ফীতির হারও। আর দুইয়ের পিছনে পেট্রোপণ্যের লাগামছাড়া দাম বৃদ্ধিকেই কাঠগড়ায় তুলেছে ওয়াকিবহাল মহল। এদিকে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যে রাজ্যে প্রতিবাদের রাস্তায় নেমেছে বিরোধীরা। একটানা সুর চড়িয়ে চলেছে কংগ্রেস। এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

এদিকে করোনাকালে মন্দা ঠেকাতে ও মুদ্রাস্ফীতি কমাতে কেন্দ্রের নীতি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। মুদ্রাস্ফীতি নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা।এদিকে পেট্রোল, ডিজেল ও এলপিজির দামের সাথে সাথে প্রায় সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, যার জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমতাবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে চিদাম্বরমের দাবি কেন্দ্রের ভুল নীতির কারণেই আজ এই কঠিন অবস্থার মধ্যে পড়েছে দেশ।
চিদাম্বরম বলেন, “চাহিদা বাড়ার কারণে মূদ্রাস্ফীতি ঘটেনি বরং সরকারের ভুল নীতিমালা এবং অর্থনীতির অনুপযুক্ত পরিচালনার কারণে এই মুদ্রাস্ফীতি ঘটেছে। এর জন্য আমরা মোদী সরকারকেই দোষী মনে করি। সরকার পরিচালনার ক্ষেত্রে মোদীর পাহাড়প্রমাণ ব্যর্থতার কারণেই এই সঙ্গীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে গোটা দেশ। যার খেসারত দিতে হচ্ছে আম-আদমিকে।”
এখানেই না থেমে এই প্রবীণ অর্থনীতিবিদ স্পষ্ট ভাষায় জানান, " এখন কংগ্রেসের সাফ দাবি দ্রুত পেট্রোল, ডিজেল এবং এলপিজির দাম কমিয়ে আনুক কেন্দ্র। এমনকী সমস্ত পণ্যে আমদানি শুল্কের বিষয়েও নতুন করে পর্যালোচনা করার সময় এসেছে। প্রয়োজনীয় আমদানিকৃত পণ্যের দাম পুনরায় নির্ধারণ করা উচিত বলে আমাদের মত। এমনকী শ্রেণী অনুযায়ী সমস্ত পণ্যেই জিএসটি হারও কমানোর দাবি করছি।"












Click it and Unblock the Notifications