সমকামী বিবাহের বিরোধিতা! সুপ্রিম কোর্টে ভারতীয় পরিবারের ব্যাখ্যা মোদী সরকারের
সর্বোচ্চ আদালতে সমকামী বিবাহের বিরোধিতায় মোদী সরকার। সুপ্রিম কোর্টে সরকার বলেছে সমকামী বিবাহ ভারতীয় পরিবার ইউনিটের সঙ্গে সামঞ্চস্যপূর্ণ নয়।
সুপ্রিম কোর্টে সমকামী বিয়ের বিরোধিতায় মোদী সরকার। আগেকার অবস্থানে অটল থেকে কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় পরিবার ইউনিটের কথা বলা হয়েছে। সেখানে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, সমকামী বিবাহ ভারতীয় পরিবার ইউনিটের সঙ্গে সামঞ্চস্যপূর্ণ নয়।

কোনওভাবেই মৌলিক অধিকার হতে পারে না
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার উল্লেখ করে কেন্দ্র বলেছে, সমকামী বিয়ে কখনই মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। কেন্দ্রের তরফে যুক্তি দিয়ে বলা হয়েছে, একই লিঙ্গের ব্যক্তিদের মধ্যে বিয়ের ফলে বর্তমানে যে ব্যক্তিগত আইন রয়েছে, তার লঙ্ঘন করা হবে। এছাড়াও বিয়ের শর্ত, আনুষ্ঠানিকতা এবং আচারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠবে।

সুপ্রিম কোর্টে কেন্দ্রের অনুরোধ
সোমবার এব্যাপারে শুনানির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সর্বোচ্চ আদালতে হলফনামা দাখিল করে বলা হয়েছে, একই লিঙ্গের ব্যক্তিদের একইসঙ্গে বসবাস করা কিংবা যৌন সম্পর্ক স্থাপন করা ভারতীয় দণ্ডবিধিতে অপরাধমূলক। যা ভারতীয় পারিবারিক ইউনিট ধারণার সঙ্গে তুলনীয় নয়। প্রসঙ্গত সর্বোচ্চ আদালতে সমকামী দম্পত্তিরা বর্তমান আইনি কাঠামোকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। সেই মামলায় প্রত্যাখ্যান করতে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে বিবাহ অনিবার্যভাবেই বিপরীত দুই লিঙ্গের দুই ব্যক্তির মধ্যে মিলনকে অনুমান করেই করা হয়।

ভারতীয় পরিবার ইউনিট কী
কেন্দ্রের তরফে ভারতীয় পরিবার ইউনিটের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে, স্বামী-স্ত্রী ও সন্তানদের নিয়ে ভারতীয় পরিবারের গঠন হয়। যেখানে বায়োলজিক্যাল পুরুষকে স্বামী হিসেবে, বায়োলজিক্যাল নারীকে স্ত্রী হিসেবে এবং তাঁদের দুজনের মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানকে নিয়ে পরিবারের গঠন হয়। যেখানে ওই সন্তানের লালন-পালন করেন বায়োলজিক্যাল বাবা ও মা।

সুপ্রিম কোর্টে সমকামী দম্পতিদের মামলা
সাম্প্রতিক সময়ে অন্তত চারজন সমকামী দম্পতি তাদের বিয়েকে স্বীকৃতি দিতে আদালতে মামলা করেছেন। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই আইনি লড়াই। আদালতে দেওয়া সরকারের হলফনামায় বলা হয়েছে, বিয়ে হিন্দুদের মধ্যে একটি ধর্মীয় অনুষ্ঠান, একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে পারস্পরিক দায়িত্ব পালনের জন্য পবিত্র মিলন। মুসলিমদের মধ্যে এটি একটি চুক্তি। ধর্মীয় ও সামাজিকভাবে যা চলে আসছে। যা পরিবর্তনের জন্য প্রার্থনা করা অনুমতি দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications