তিন তালাক রায়ের পর এবার ফের সংখ্যালঘু মহিলাদের 'উপহার' মোদীর
এবার মুসলিম ছাত্রীদের জন্যও বিশেষ এক প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যাকে উপহার বলাই চলে, স্নাতক হওয়ার পর বিয়ে করলে এবার মুসলিম মেয়েদের ৫১ হাজার টাকা বিয়ের উপহার হিসেবে দেওয়া হবে
তিন তালাক নিয়ে মুসলিম মহিলাদের মন আগেই জয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুসলিম ছাত্রীদের জন্যও বিশেষ এক প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যাকে উপহার বলাই চলে। স্নাতক হওয়ার পর বিয়ে করলে এবার মুসলিম মেয়েদের ৫১ হাজার টাকা বিয়ের উপহার হিসেবে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে শাদি শগুন।

মূলত, মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষার হার বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সেইসঙ্গে মুসলিম মেয়েরা যাতে উচ্চশিক্ষা সম্পর্কে আরও সচেতন হয় সেকারণেই এই প্রকল্প চালু করা হচ্ছে । দেখা গিয়েছে, মেয়ের পড়াশোনা চলাকালীনই তার বিয়ে দিয়ে দেয় অভিভাবকরা। আর বিয়ের পর পড়াশোনায় দাঁড়ি পড়ে যায় মুসলিম মেয়েদের। অনেকক্ষেত্রে আবার দেখা যায় মেয়ের উচ্চশিক্ষার পেছনে খরচ না করে তার বিয়ের জন্য়ে সেই টাকা জমাতে থাকে বাবা- মা। এই শাদি শগুন প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা আরও বেশি পড়াশোনা করতে পারবে বলে আশাবাদী কেন্দ্র।

তবে এখানেও শর্ত রয়েছে। এই প্রকল্পের সুবিধা তারাই পাবেন, যে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম। শুধুমাত্র মুসলিম নয়, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যেমন খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিরাও এই প্রকল্পের সুবিধে পাবেন।
এই প্রকল্প ঘোষণার পরই অবশ্য বিরোধীরা কটাক্ষও শুরু করেছে। ২০১৯ সালের আগে এই প্রকল্প ঘোষণা করে বিজেপি সংখ্যালঘু ভোট টানতে চাইছে বলে অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications