PM Suryodaya Yojana: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই মোদীর উপহার! লোকসভা ভোটের প্রাক্কালে সৌরবিদ্যুতে সূর্যোদয়
PM Suryodaya Yojana: অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজধানীতে ফিরেই বড় ঘোষণা।
লোকসভা নির্বাচনের আগে যা মোদীর আরেকটি বড় চমক। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় ১ কোটি বাড়িতে সৌরবিদ্যুতের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী।

অযোধ্যায়-সহ সারা দেশে আজ দীপাবলির মেজাজ। প্রদীপ জ্বালানো হয়েছে। আলোয় উদ্ভাসিত গোটা দেশ। আজ অযোধ্যায় নরেন্দ্র মোদী বলেন, রাম আগুন নন, রাম শক্তি। আর তারপরই শক্তিক্ষেত্রে দেশকে অন্য দিশা দেখানোর জন্য চমকপ্রদ ঘোষণা প্রধানমন্ত্রী করলেন তাঁর এক্স হ্যান্ডল মারফত।
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
आज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि… pic.twitter.com/GAzFYP1bjV
আজ প্রধানমন্ত্রী নিজে খতিয়ে দেখেন সোলার প্যানেলের ব্যবস্থাপনার। তারপরই জানান প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার কথা। প্রাথমিকভাবে দেশের ১ কোটি বাড়ির ছাদে এই সৌরবিদ্যুতের বন্দোবস্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার মাধ্যমে দেশের নিম্ন ও মধ্যবিত্ত সম্প্রদায়ের উপভোক্তা উপকৃত হবেন, বাঁচবে বিদ্যুতের খরচ।
সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি বৈঠকের পর মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, সূর্যবংশী ভগবান শ্রী রামের আলোকে বিশ্বের ভক্তবৃন্দ সব সময় শক্তি পান। আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণেই আমি সংকল্পবদ্ধ হই, ভারতবাসীর বাড়ির ছাদে তাঁদের নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম থাকুক।
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, অযোধ্যা থেকে ফিরেই প্রথম সিদ্ধান্ত নিলাম আমাদের সরকার ১ কোটি বাড়ির ছাদে সোলার সিস্টেম লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে এগোবে, শুরু হবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। এতে গরিব ও মধ্যবিত্ত মানুষজনের বিদ্যুতের বিল যেমন কম হবে, তেমনই শক্তিক্ষেত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে।
रामज्योति! #RamJyoti pic.twitter.com/DTxg2QquTT
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন, তেমনই আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাও লোকসভা ভোটে বিজেপির ভোট প্রত্যাশীদের কাছে বড় হাতিয়ার হয়ে উঠবে। দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুতের বিল নিয়ে নানা অভিযোগ রয়েছে। সেখানে নিম্ন ও মধ্যবিত্ত সম্প্রদায়ের কথা মাথায় রেখে বিদ্যুতের বিল কমানোর জন্য যে নয়া বন্দোবস্ত তিনি করলেন তা বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে ইন্ডিয়া জোটকেও।
সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন রাজ্যে গিয়ে উজ্জ্বলা যোজনা বা আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁদের সঙ্গে বসে কথা বলছেন। লোকসভা ভোটের প্রচারে নেমেও তিনি এমন কিছু করে চমক দিতেই পারেন। লোকসভা নির্বাচন ঘোষণার আগে সৌরবিদ্যুতের এই নয়া প্রকল্প মোদী সরকারকে মাইলেজ দেবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications