ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতে ধর্মগুরুদের সাহায্য নেওয়ার কথা বললেন মোদী
ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতে ধর্মগুরুদের সাহায্য নেওয়ার কথা বললেন মোদী
বুধবার জেলা প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট এলাকাগুলিতে কোভিডের প্রকোপ কম করার। এদিনের এই বৈঠকেই আধিকারিকদের স্থানীয় ধর্মগুরুদের সাহায্য নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। নমোর মতে, স্থানীয় ধর্মগুরুদের কথা শুনে বহু মানুষই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভ্রান্ত ধারণা কেটে যাবে।

মোদী বলেন, 'মানুষের মনে ভ্রান্ত ধারণা সত্যিই এক বড়সড় চ্যালেঞ্জ। এই ধরনের প্রতিকূলতা ঘিঞ্জি এলাকায় সত্যিই বড়সড় সমস্যা সৃষ্টি করতে পারে। এর একমাত্র মুশকিল আসান হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি।' এরপরেই ওই আধিকারিকদের মোদী নির্দেশ দেন স্থানীয় ধর্মগুরুদের ছোট ২-৩ মিনিটের ভিডিও করতে। যেখানে তাঁরা এই সমস্ত রটনার বিরুদ্ধে মুখ খুলবেন। মোদী বলেন, আমি দেখেছি, সমস্ত ধর্মের গুরুরাই টিকা নিতে উৎসাহিত করেন মানুষকে।
বুধবার মোট ৪০ টি জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদী। তার মধ্যে মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও অন্যান্য রাজ্যের জেলাও রয়েছে। মোদীর কথায় উঠে আসে টিকাকরণের পর সমস্যার প্রসঙ্গও। তিনি বলেন, যে সমস্ত রাজ্যে ১০০ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকাকরণের আওতায় এসেছে। তারা ভিন্ন ভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্ত সমস্ত বাধা অতিক্রম করে টিকাকরণ করে ফেলেছে তারা। যে সমস্ত জেলায় টিকাকরণ কম হয়েছে, তারাও একইভাবে সাফল্য পেতে পারে।
উল্লেখ্য, গত চব্বিশ ঘণ্টায় ৪১,১৬,২৩০ ডোজ টিকা দিয়েছে ভারত। সবমিলিয়ে ১০৭.২৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে দেশজুড়ে। এর মধ্যে ৭৩ কোটি ৬১ লক্ষ ৮ হাজার ৩২৪ জন প্রথম ডোজ টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৩৩ কোটি ৬৪ লক্ষ ৩৩ হাজার ৩০২ জন।












Click it and Unblock the Notifications