Mizoram Election Results 2023: মিজোরামে সরকার গঠন করতে চলেছে ZPM! এইমাসেই হবে শপথ
Mizoram Election Results 2023: শেষ পর্যন্ত মিজোরামে সরকার গঠন করতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট সংক্ষেপে জেডপিএম। এখনও পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী জেডপিএম ২৬ আসনে এগিয়ে রয়েছে কিংবা জিতে গিয়েছে। অন্যদিকে নিকটতম দল এমএনএফ পেয়েছে কিংবা এগিয়ে রয়েছে দশটি আসনে। বিজেপি তিনটি এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে কিংবা পেয়েছে।
জেডপিএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা সের্চিপ আসন থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা দক্ষিণ তুইপুই আসনে জেডপিএম-এর জেজে লালপেখলুয়ার কাছে পরাজিত হয়েছেন। জোরাম পিপলস মুভমেন্টের জেজে লালপেখলুয়া পেয়েছেন ৫৪৬৮ টি ভোট আর এমএনএফ প্রার্থী আর লালথাংলিয়ানা পেয়েছেন ৫৩৩৩ টি ভোট।

শুরু থেকেই জোরাম পিপলস মুভমেন্ট এগিয়ে থেকে। কিন্তু বেলা একটু বাড়তেই এই ব্যবধান বেড়েছে। আর আইজলে জেডপিএমের রাজ্য দফতরে আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। জেডপিএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা জানিয়েছেন, তিনি আগামী কাল কিংবা পরশু রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং এই মাসের মধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
জোরাম পিপলস মুভমেন্টের সহ সভাপতি কেনেথ চাওংলিয়ান জানিয়েছেন, সব আসনের ফল ঘোষণা করা না হলেও, তারা ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছেন। জেডপিএম নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলেও দাবি করেছেন তিনি।
জেডপিএমের সহসভাপতি জানিয়েছেন, কৃষি ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ওপরে তাদের সরকার জোর দেবে। পাশাপাশি বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার ওপরেও নজর দেবেন তারা।
এবারের নির্বাচনে সব থেকে উল্লেখযোগ্য হল, ২০১৮ সাল পর্যন্ত রাজ্যে সরকার চালিয়ে আসা কংগ্রেসের আসন সংখ্যা এবার ১-এ নেমে যেতে চলেছে। ২০১৮-র নির্বাচনে কংগ্রেস ৫ টি আসনে জয় পেয়েছিল। বিজেপি এবার রাজ্যে তিনটি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকতে চলেছে।












Click it and Unblock the Notifications