Mizoram Assembly Election 2023: মঙ্গলবার মিজোরামে ত্রিমুখী লড়াই! বিজেপির সামনে বড় পরীক্ষা
Mizoram Assembly Election 2023: সাত নভেম্বর উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরামের ৪০ টি আসনে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এই মুহূর্তে মিজোরামে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। বিরোধী আসনে রয়েছে জোরাম পিপলস পার্টি। এছাড়াও রয়েছে কংগ্রেস। ২০১৮ সালে এই রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয় কংগ্রেসের।
মিজোরাম খ্রিস্টান-সংখ্যাগরিষ্ঠ রাজ্য। সেখানে গির্জায় প্রার্থনার মধ্যে দিয়ে রবিবার প্রচারাভিযান শেষ হয়েছে। মিজোরামে এবার ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ১৮ জন।

ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট মিজোপন্থী অবস্থানের কারণে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে বলে রাখা ভাল মিজোরামের প্রতিবেশী দেশ মায়ানমারে চলেছে সংঘাত। অন্যদিকে প্রতিবেশী রাজ্য মণিপুরেও সংঘাতের পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে অপেক্ষাকৃত নতুন দল জোরাম পিপলস পার্টি ভোটারদের দুর্নীতি মুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছে। সরকার পরিবর্তনের জন্য তাঁদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ২০১৮ সালে রাজ্যের ক্ষমতা হারানো কংগ্রেস এবার ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী। ২০১৮ সালে ৪০ টি আসনের মধ্যে ২৬ টিতে জিতে ক্ষমতায় আসে মিজো ন্যাশনাল ফ্রন্ট। জোরাম পিপলস মুভমেন্ট সাতটি আসন পেয়ে দ্বিতীয় স্থান দখল করে। কংগ্রেস ৫ টি আসন পেয়ে তৃতীয় স্থানে চলে যায়।
এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এমএনএফ, বিরোধী জেডপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই ৪০ টি আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি সেখানে ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি দাবি করেছে, এবার কোনও দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে না। নতুন সরকার গঠন করতে তাদের সমর্থনের প্রয়োজন হবে বলে দাবি গেরুয়া শিবিরের।
রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মিজোরামে যেহেতু ৮৭ শতাংশ মানুষ খ্রিস্টান, তাই সেখানে বিজেপি তেমন কোনও সুবিধা করতে পারবে না। সেখানে এবারও মূলত লড়াই হতে চলেছে এমএনএফ এবং জেডপিএমের সঙ্গে। অন্যদিকে বিজেপির দাবি তাঁরা অন্তত ছটি আসনে জিতবেন।
অন্যদিকে কংগ্রেস দাবি করেছে, মিজোরামই হবে উত্তর-পূর্বের প্রথম রাজ্য যেখানে আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে তারা ক্ষমতায় ফিরবে। কংগ্রেসের তরপে প্রচারে বিজেপিকে খ্রিস্টান ধর্মাবলম্বী মিজোদের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। পাশাপাশি এমএনএফ এবং জেডপিএমকে রাজ্যে বিজেপির প্রবেশে সহযোগী হিসেবে অভিযুক্ত করেছে।












Click it and Unblock the Notifications