"অন্যের কাছে কোনও দিন কিছু চাইনি" পদ্মভূষণ পেতেই কেন এমন বললেন মিঠুন
Mithun Chakraborty: নিজের জন্য তিনি কিছুই চাননি অন্যদের কাছে। ভারত সরকার তাঁকে পদ্মভূষণে সম্মানিত করছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই কথা প্রকাশ্যে এসেছে। সেই সম্মান পাওয়ার কথা শুনে তিনি অভিভূত, গর্বিত। ভিডিও বার্তায় জানালেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী দীর্ঘ সময় ধরে সিনেমা জগতে শাসন করছেন। একসময় তিনি ছিলেন বলিউডের অন্যতম সুপারস্টার হিরো ।বাংলা সিনেমা জগতেও তার সাবলীল উপস্থিতি ।তরুণ তুর্কি থেকে আজকের সময়, কয়েক দশক ধরে লাইভ সাউন্ড ক্যামেরা একশানের দুনিয়াতে মিঠুন চক্রবর্তী যেন অন্য রূপে, মেজাজে বারবার আসেন।

বলিউড ধামাকা ডিস্কো ড্যান্সার মিঠুনের অন্যতম মাইলস্টোন। এদিকে মৃণাল সেনের মৃগয়া দিয়ে তাঁর উত্থান। তাঁর ঝুলিতে তিনটি জাতীয় পুরষ্কার। এছাড়াও অসংখ্য পুরষ্কার। জীবনের বহু সময় ঘাত প্রতিঘাত গিয়েছে। কিন্তু সিনেমা তাঁকে বরাবর খ্যাতির চূড়াতেই রেখে দিয়েছে। জনপ্রিয় হিরো অভিনেতা এবার আরও একটি সম্মানে ভূষিত হলেন। নরেন্দ্র মোদী সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দিচ্ছে।
গতকাল ২৫ জানুয়ারি এই তালিকা বের হয়েছে। সেখানেই মিঠুন চক্রবর্তীর নাম জানা যায়। বাংলার রাজনৈতিক মহলেও আলোড়ন ছড়িয়ে পড়ে। কারণ, কয়েক দশক ধরে বাংলার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বলিউডের এই সুপারস্টারও জড়িয়ে আছেন। একসময় সিপিএম নেতা মন্ত্রী সুভাষ চক্রবর্তী সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা জানা যায়। তবে সেই সময় মিঠুন চক্রবর্তী সরাসরি রাজনীতির ময়দানে নামেননি।
একসময় তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর রাজনীতিতে আসা। রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন। কিন্তু তারপর কোথাও সেই অভিজ্ঞতা সুখকর হয়নি। রাজ্যসভার সাংসদ পথ তিনি ত্যাগ করেন। তৃণমূলের সঙ্গেও তিনি সম্পর্ক ত্যাগ করেছিলেন।
বেশ কয়েক বছর হল তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছিলেন মিঠুন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি বিজেপির পতাকা হাতে নিয়েছেন। এই বক্তব্য ছিল মুখে। তারপর থেকে তিনি বিজেপিতেই রয়েছেন। বিভিন্ন সভায় রাজ্যের দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রচারেও নেমেছেন।
রাজনৈতিক স্তরে তাঁকে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি রয়েছে বেশ কয়েক বছর ধরেই। তবে এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মন্তব্য করেননি মিঠুন চক্রবর্তী। এবার সেই তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন। সাম্প্রতিক অতীতে বাংলা সিনেমা প্রজাপতি ও কাবুলিওয়ালা বক্স অফিসে হিট। তাঁর অভিনয়ের তারিফ করেছেন গুণমুগ্ধ থেকে ফ্যান ফলোয়াররা।
মিঠুন চক্রবর্তী এই পুরস্কার সম্মান তাঁর ফ্যানেদের জন্যই উৎসর্গ করলেন। মিঠুন চক্রবর্তী বলেন, তিনি এই পুরস্কার পাওয়ার জন্য আনন্দিত, গর্বিত। নিজের জন্য জীবনে কারও কাছে কিছু চাননি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, আজ সেটা তিনি উপলব্ধি করছেন।
ফ্যান ফলোয়ার যারা নিঃস্বার্থভাবে তাকে এতদিন ধরে ভালবেসে চলেছেন, তাদের জন্যই এই পুরস্কার। আবেগ আপ্লুত হয়ে ভিডিও বার্তায় এমনই বক্তব্য রেখেছেন মহাগুরু।
তবে এই পুরস্কার নিয়ে রাজনৈতিক খোঁচাও রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। জবাব দিতে শুরু করেছে বঙ্গ বিজেপিও।












Click it and Unblock the Notifications