নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত দুই পুলিশকর্মী, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
বাদাউন, ২ জানুয়ারি : চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনে।
পীড়িতার পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবারদিন রাতে মেয়েটি শৌচাগারের জন্য বাড়ি থেকে বেরলে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল টানতে টানতে একটি ঘরে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

মেয়ে বাড়িতে না ফিরলে পুলিশে অভিযোগ জানায় ওই নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে নাবালিকার খোঁজ শুরু হয়। মধ্যরাতে মেয়েটি বাড়িতে ফিরে এসে পুরো ঘটনাটি জানায়। ওই দুই পুলিশ কর্মী এখনও নিখোঁজ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই দুই কনস্টেবলের বিরুদ্ধে কড়া বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগেও ধর্ষণের ঘটনাতেই বদাউনের নাম খবরের শিরোনামে উঠে এসেছিল। দুই তুতো বোনকে ধর্ষণ করে গাছে জীবন্ত ঝুলিয়ে খুন করা হয়েছিল গত বছরে। পুলিশের রিপোর্টে দুই বোনকে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠলেও সিবিআই-এর রিপোর্ট দুই বোনের আত্মহত্য়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে।












Click it and Unblock the Notifications