তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, কিছুক্ষণের মধ্যেই পুনরুদ্ধার
‘ইলন মাস্ক’ নামে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, কিছুক্ষণের মধ্যেই পুনরুদ্ধার
কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট বিপদে পড়েছিল বুধবার। কেন্দ্রীয় সরকারের এই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করে নেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য। হ্যাকাররা এই টুইটারটির নতুন করে নামকরণ করে 'ইলন মাস্ক’ এবং 'দারুণ কাজ হয়েছে’ বলে টুইট করতে শুরু করে দেয়।

তবে মন্ত্রকের নজরে আসতেই তারা কিছুক্ষণের মধ্যেই নিজেদের টুইটারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং টুইটারের প্রোফাইল ছবি পুনরুদ্ধার করা হয়। হ্যাকাররা যে সব টুইট করেছিল সেগুলিকেও সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি হ্যাকাররা এই টুইটার থেকে কিছু ক্ষতিকারক লিঙ্কও পোস্ট করে।
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক একমাস আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলও হ্যাক হয়ে গিয়েছিল। এই টুইটার হ্যান্ডেল থেকে ক্রিপ্টোকারেন্সির টুইট প্রচার হওয়ার পর তা কিছুক্ষণের মধ্যে হ্যাকারদের হাত থেকে পুনরুদ্ধার করা হয় মোদীর টুইটার। শুধু তাই নয়, গত ৩ জানুয়ারি ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ও মন দেশি মহিলা ব্যাঙ্ক (ক্ষুদ্র শিল্পের জন্য ব্যাঙ্ক)–এর টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যায় এবং হ্যাকাররা এ ক্ষেত্রেও 'ইলন মাস্ক’ নাম দিয়ে টুইটারগুলির নাম বদলে দেয়। তবে কে বা কারা বারংবার সরকারি টুইটার হ্যাক করার চেষ্টা করছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বুধবার ও ৩ জানুয়ারি এই দু’টি ঘটনায় প্রোফাইলগুলির নাম পরিবর্তন করতে ব্যবহৃত ফন্টগুলি একই বলে মনে হচ্ছে ৷ পোস্ট করা বিষয়বস্তু 'অ্যামেজিং’–ও একই রকম বলে মনে হচ্ছে, যদিও দুটি ক্ষেত্রে টুইট করা লিঙ্কগুলি আলাদা বলেই মনে করা হচ্ছে। বুধবারই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে তাদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে।
গত বছর বহু রাজনীতিবিদ এই টুইটার বিপাকে পড়েছিলেন। গত জুন মাসে ভারতের উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে আরএসএস প্রধান মোহন ভাগবত সহ আরএসএস-এর পাঁচ বর্ষীয়ান নেতার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে 'ভেরিভায়েড অ্যাকাউন্ট’–এর নীল দাগ সরিয়ে দেয় টুইটার। পরে উপ–রাষ্ট্রপতির অ্যাকাউন্টটে নীল দাগ ফিরলেও বাকিদের ফেরেনি। টুইটার যুক্তি দেখায় দীর্ঘদিন ধরে ইন্যাক্টিভ থাকার কারণেই 'নীল দাগ’ সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর আগেও বহুবার কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের টুইটার হ্যান্ডেল হ্যাক করার ঘটনা সামনে এসেছে। এমনকী পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে ভারতীয় জাতীয় পতাকার ছবি পোস্ট করা নিয়েও বিতর্ক কম হয়নি।












Click it and Unblock the Notifications