পাক অধিকৃত কাশ্মীর দখল করাই এখন ভারতের লক্ষ্য! হুঙ্কার ছাড়লেন মোদী সরকারের মন্ত্রী জিতেন্দ্র
কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এবার মোদী সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং সাফ জানালেন তাঁদের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর।
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এবার মোদী সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং সাফ জানালেন তাঁদের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর। মঙ্গলবার জম্মুতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দ্বিতীয় দফায় মোদী সরকারের একশো দিনে সবথেকে বড় সাফল্য কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা। আমাদের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করা।

পরবর্তী লক্ষ্যের দিকে এগচ্ছে সরকার
প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ বলেন, তাঁদের সরকার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ১৯৯৪ সালে পিভি নরসিমা রাওয়ের আমলে সংসদে এ নিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবকেই বাস্তবায়িত করার উদ্যোগ নেবে মোদী সরকার। সেটাই আমাদের সরকারের লক্ষ্য, গোটা ভারতের লক্ষ্য।

কাশ্মীরে কারফিউ নেই, স্বাভাবিক হচ্ছে
এদিন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, কাশ্মীর উপত্যকা অবরুদ্ধ নয়। কারফিউও জারি করা হয়নি। কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে শুধু। আর পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। কাশ্মীরে যে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে, তা নিয়ে খুশি কাশ্মীরবাসী।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, সুফল মিলছে
মোদী সরকারের এই সিদ্ধান্তে উপত্যকায় শিল্পের উন্নতি হবে, কর্মসংস্থান বাড়বে। নতুন পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে কাশ্মীরের মানুষ। কয়েকটি দেশ কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ মানতে পারছিল না। এবার তারা অনেকেই বুঝেছে এর সুফল কতটা। তবে কিছু লোকের অসুবিধা হচ্ছে, তাঁরাই চিৎকার শুরু করেছেন।

কাশ্মীর নিয়ে পাকিস্তানকে জবাব
মঙ্গলবারই রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। ভারতের বিদেশ সচিব বিজয় ঠাকুর সিং ইউএন-এর মঞ্চে পাকিস্তানকে লক্ষ্য করে বাণ ছেড়েছেন। তিনি বলেন, পাকিস্তান হল সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। সেখান থেকে কাশ্মীর নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে। কাশ্মীরের পরিস্থিতি এমন নয়, যেমনটা পাকিস্তান ব্যাখ্যা করছে।

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়
জেনেভাতে ইউএনএইচআরসি-র সদর দফতরে ভারতের বিদেশ সচিব বিজয় ঠাকুর সিং বলেন, কাশ্মীরে ৩৭০ বাতিল করার সিদ্ধান্তটি আমাদের সংসদ গ্রহণ করেছে। কাশ্মীর পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। রাজ্যের পরিষেবা ও আর্থ-সামাজিক সাম্যতা তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications