দিল্লিতে সেনসাস, এনপিআর নিয়ে জরুরি বৈঠক! থাকছে না পশ্চিমবঙ্গ
সেনসাস এবং এনপিআর নিয়ে শুক্রবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সব রাজ্যের মুখ্যসচিবরা এই বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গিয়েছে।
সেনসাস এবং এনপিআর নিয়ে শুক্রবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সব রাজ্যের মুখ্যসচিবরা এই বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গিয়েছে। বৈঠকের পৌরহিত্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। সকাল ১১ টায় দিল্লির আম্বেদকর ভবনে এই বৈঠক শুরু হবে।

দুই ভাগে ২০২১-এর সেনসাসের কাজ
দুটি ভাগে ২০২১-এর সেনসাসের কাজ করা হবে। যার প্রথম ভাগ হবে ২০২০-র ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। বাড়ির গণনা ছাড়াও, বাড়ির প্রধানের নাম, বাড়িতে কতজন থাকেন, বাড়িতে কী কী সুবিধা রয়েছে এইসব বিষয় জানতে চাওয়া হবে। দ্বিতীয় ভাগ শুরু হবে ২০২১-এর ফেব্রুয়ারিতে। প্রত্যেক ব্যক্তির কাছে নির্দিষ্ট প্রশ্ন রাখা হবে।

এনপিআর নিয়ে রাজ্যগুলিতে ফের নোটিশ
সূত্রের খবর অনুযায়ী, ১৫ জানুয়ারি রাজ্যগুলিকে এনপিআর নিয়ে ফের নোটিশ দেওয়া হয়েছে। কেরল এবং পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা এনপিআর-এর প্রক্রিয়া স্থগিত রাখছে।
২০১১-র সঙ্গে তফাত
২০১১-এর সেনসাসে বাড়ির প্রধান হিসেবে পুরুষ কিংবা নারীর উল্লেখ ছিল। কিন্তু ২০২১-এর ক্ষেত্রে সেখানে তৃতীয় লিঙ্গের কথাও ঢোকানো হয়েছে। ২০১১ সালে অপর একটি প্রশ্ন ছিল বাড়ির মধ্যেই শৌচাগারের কথা। এবার তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শৌচাগারের ব্যবহার প্রসঙ্গ। সূত্রের খবর অনুযায়ী, তথ্য সংগ্রহকারীরা জিজ্ঞাসা করবেন, শৌচাগার কি বাড়ির লোক ছাড়া অন্যরাও ব্যবহার করেন। তথ্যসংগ্রহকারীরা দ্বিতীয় দফায় প্রশ্ন করতে পারেন ব্যাঙ্কের সুবিধা প্রসঙ্গেও।

কেন্দ্রের আশ্বাস
দেশব্যাপী সিএএ এবং এনআরসি নিয়ে আন্দোলনের মধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সেনসাসের তথ্যের সঙ্গে নির্দিষ্ট কোনও প্রমাণ চাওয়া হবে না।

ডিজিটাল সেনসাস
এবারই প্রথম, যেখানে ডিজিটাল সেনসাস করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য নথিভুক্ত করা হবে। এরজন্য তথ্য সংগ্রহকারীদের মোবাইলে একটি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

যুক্ত হবেন ৩০ লক্ষ কর্মী
প্রথম পর্যায়ে ৩০ লক্ষ কর্মীকে যুক্ত করা হবে। শেষবার প্রত্যেক অফিসারকে দেওয়া হয়েছিল ৫,৫০০ টাকা করে। এবার তালিকায় রয়েছে বাড়ির গণনা, সেনসাস আর এনপিআর। তাই সব মিলিয়ে তথ্যসংগ্রহকারীকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।












Click it and Unblock the Notifications