প্রধানমন্ত্রী মোদীর পাঞ্জাব সফরে নিরাপত্তা গাফিলতি! তদন্তে তিন সদস্যের কমিটির গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের
পাঞ্জাব সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ঘাটতির যে ঘটনা ঘটেছে তার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এদিন এই ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুরের ঘটনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ রয়েছে। নরেন্দ্র মোদীর নিরাপত্তায় এত ফাঁক কীভাবে থাকতে পারে, এর জন্য কে বা কারা দায়ী এই সমস্ত বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

এই কমিটির শীর্ষে থাকবেন নিরাপত্তা সচিব সুধীর কুমার সাক্সেনা, আইবি জয়েন্ট ডিরেক্টর বলবীর সিং ও এসপিজি-র আইজি এস সুরেশ। যত দ্রুত সম্ভব এই কমিটি রিপোর্ট জমা করবে।
বুধবার ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তবে তাঁর কনভয় একটি ব্রিজের ওপর ১৫-২০ মিনিট আটকে ছিল। যেখানে মোদীর পৌঁছনোর কথা ছিল সেখান থেকে ৩০ কিমি দূরে তাঁর কনভয় আটকে ছিল। কারণ কিছু বিক্ষোভকারী রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন।
এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রক নড়েচড়ে বসে। পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়। বিজেপি সরাসরি কংগ্রেসের ঘাড়ে দোষ চাপায়। পাঞ্জাবে কংগ্রেসের সরকারের উদাসীনতাকে সরাসরি দায়ী করা হয়। পাল্টা কংগ্রেস আক্রমণ করে বিজেপিকে। দাবি করা হয়, নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না। প্রধানমন্ত্রী মোদীর প্রাণহানিও কোনও আশঙ্কা ছিল না। এমনকী আচমকা প্রধানমন্ত্রীর রুট বদলের খবর জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়।
সংযুক্ত কিষাণ মোর্চার তরফে দাবি করা হয়, একদল কৃষক একাধিক দাবিতে রাস্তা আটকে ছিলেন। তবে সেই পথে যে প্রধানমন্ত্রী আসছেন সেকথা তাঁরা জানতেন না। এমনকী কেউ নিরাপত্তা টপকে প্রধানমন্ত্রীর দিকে যাওয়ারও চেষ্টা করেননি। এমনকী কিছু জনতা তার মধ্যেও নরেন্দ্র মোদীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে ওঠেন।












Click it and Unblock the Notifications