এমএফ হুসেনের পেন্টিং নিলামে বিক্রি হল ১১৮ কোটি টাকায়, যা এখনও ভারতের সবচেয়ে মূল্যবান পেন্টিং!
কিংবদন্তি চিত্রশিল্পী এমএফ হুসেনের "আনটাইটেলড" (গ্রাম যাত্রা) পেন্টিংটি নতুন রেকর্ড গড়েছে। ১৯ মার্চ, নিউ ইয়র্কে ক্রিস্টির নিলামে এটি ১৩.৮ মিলিয়ন ডলারে (ভারতীয় মূল্যে যা প্রায় ১১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান আধুনিক ভারতীয় পেন্টিং বলেই মনে করা হচ্ছে।
এটি অমৃতা শের-গিলের "দ্য স্টোরি টেলার"-এর আগের রেকর্ড ভেঙেছে, যা ২০২৩ সালে ৭.৪ মিলিয়ন ডলারে (৬১.৮ কোটি টাকা) বিক্রি হয়েছিল। নিলামের আগে ক্রিস্টি'স পেন্টিংটির মূল্য ২.৫ থেকে ৩.৫ মিলিয়ন ডলার (২১.৫-৩০ কোটি টাকা) অনুমান করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি চারগুণ বেশি দামে বিক্রি হয়, যা হুসেনের আগের রেকর্ডকেও ছাপিয়ে গেছে।

শিল্পীর অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি: ১৯৫০-এর দশকের হুসেনের সেরা কাজগুলির মধ্যে এটি একটি। ১৪ ফুট দীর্ঘ, ১৩টি প্যানেলের প্রতিটি প্যানেলে ভারতের গ্রামীণ জীবনের একটি ভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। "গ্রাম যাত্রা", যা ভারতের স্বাধীনতা-পরবর্তী গ্রামীণ জীবনের গুরুত্ব তুলে ধরে, তাঁর ওপরেই ভিত্তি করে এঁকেছিলেন হুসেন।
পেন্টিংটির একমাত্র পুরুষ চরিত্রটি শিল্পীর নিজস্ব প্রতিচ্ছবি বলে মনে করা হয়। ক্রিস্টির দক্ষিণ এশীয় আধুনিক ও সমসাময়িক শিল্প বিভাগের প্রধান নিশাদ আভারি এই প্রসঙ্গে বলেন, "আমরা গর্বিত যে এটি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি আধুনিক ভারতীয় শিল্পের অসাধারণ ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেয়"।
এই মাস্টারপিসটি মূলত নরওয়েজিয়ান সার্জন ডঃ লিওন এলিয়াস ভোলোদারস্কির সংগ্রহে ছিল। তিনি ১৯৫৪ সালে নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রকল্পের প্রধান ছিলেন এবং তখনই এটি কেনেন। পরবর্তীতে, ১৯৬৪ সালে তিনি অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে এটি দান করেন, যেখানে ৭০ বছর ধরে এটি জনসাধারণের চোখের আড়ালে ছিল। এটি হাসপাতালের একটি ব্যক্তিগত নিউরোসায়েন্স করিডোরে রাখা ছিল।
পেন্টিংটি নিলামে তোলার প্রক্রিয়া ১৩ বছর ধরে চলছিল। হাসপাতালের বোর্ড অনুমোদন না দিলে এটি বিক্রি করা সম্ভব ছিল না। অবশেষে, যখন নিলামের অনুমতি মেলে, তখন হাসপাতাল ঘোষণা করে, এই অর্থ দিয়ে ডঃ ভোলোদারস্কির নামে একটি চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে।
এমএফ হুসেনের "আনটাইটেলড" (গ্রাম যাত্রা) শুধুমাত্র ভারতীয় শিল্পের জন্য নয়, বরং আন্তর্জাতিক শিল্প বাজারের জন্যও এক নতুন মাইলফলক সৃষ্টি করল। এটি প্রমাণ করে দিল, ভারতীয় আধুনিক শিল্পের গুরুত্ব বিশ্বজুড়ে আজও ঊর্ধ্বমুখী!












Click it and Unblock the Notifications