ফিরে এল ২০১৩-র ভয়াবহ স্মৃতি! উত্তরাখাণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির জেরে মৃত ৩, নিখোঁজ বহু মানুষ
উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হল তিনজনের৷ আহত হয়েছে অনেকে৷ মেঘভাঙা বৃষ্টির ঘটনায় জেলার মুন্সিয়েরির টাগা গ্রাম এবং বঙ্গপানির গেলা গ্রামের কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়ি৷ ঘটনাস্থানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল৷ তাদের সঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজে হাত দেন স্থানীয় বাসিন্দারাও।

টানা বৃষ্টির জেরে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত
এদিকে টানা বৃষ্টির জেরে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই। যাঁদের উদ্ধার করে আনা হয়েছে, তাঁদের নিরাপদে রাখার পাশাপাশি খাবার ও স্বাস্থ্যবিধি মানার সমস্ত জিনিস দিয়ে সাহায্য করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া পিথোরগড় মুসায়ারি এলাকার একটি স্থানীয় সেতু জলের তোড়ে ভেঙে পড়ে।

অতিবৃষ্টি উত্তর ভারতের জনজীবনকে ব্যাহত করছে
নতুন করে এক নাগাড়ে বৃষ্টি ক্রমে উত্তর ভারতের জনজীবনকে ব্যাহত করছে। রবিবার টানা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের গোরি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। সেই নদীর জলের তোড়ে অনেক বাড়ি ঘর ভেসে গিয়েছে। বাঙাপানি সাবডিভিশন এলাকায় একের পর এক বাড়ি ভেসে গিয়েছে।

একাধিক স্থানে যোগাযোগ ছিন্ন
উত্তরাখণ্ডের একাধিক জেলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী একাধিক রাস্তায় বৃষ্টির জলে ভেসে গিয়েছে। প্রবল বৃষ্টির প্রভাবে হিমাচল প্রদেশেও বিপদের আশঙ্কা বেড়েছে। হড়পা বানে ভেসে যাওয়ার মুখে হিমাচলের খারগোলা জেলা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে এনেছে প্রশাসন।

২০১৩ সালের ভয়াবহ স্মৃতি
২০১৩ সালের ভয়াবহ বন্যায় ধূলিসাত্ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডের প্রত্যন্ত এলাকা। মৃতের সংখ্যা পৌঁছেছিল পর্বতপ্রমাণ। প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হন কয়েক হাজার মানুষ। নতুন করে মেঘ ভাঙা বৃষ্টিতে মানুষের মনে আশঙ্কা, ফের সেই দুর্যোগ না ফিরে আসে।












Click it and Unblock the Notifications