নর্থ-ইস্টে মোদী-রাহুল যুদ্ধ শেষ, এবার বিজয়লক্ষ্মী কার দিকে ঝুঁকে প্রহর গোনা শুরু
তিন রাজ্যেই ভোট গ্রহণ শেষে এবার ফলাফলের প্রতিক্ষায় দিন গোনা শুরু। এবার কার হাতে উঠবে তিন রাজ্যের ক্ষমতা- তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে।
দু-একটি বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভার ভোটগ্রহণ। আগেই ত্রিপুরার ভোট হয়ে গিয়েছিল। এবার উত্তর-পূর্ব ভারতের আরও দুই রাজ্যে ভোটগ্রহণ সারা হল। তিন রাজ্যেই ভোট গ্রহণ শেষে এবার ফলাফলের প্রতিক্ষায় দিন গোনা শুরু। এবার কার হাতে উঠবে তিন রাজ্যের ক্ষমতা- তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। তিনটে পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৬৭৮ শতাংশ। আর মেঘালয়ে ভোট শতাংশের হার ৪৩।

মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর পর বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে নাগাল্যান্ডে। ফলে উত্তেজনার মধ্যেই ভোট চলে উত্তর পূর্ব ভারতের পাহাড়-ঘেরা এই রাজ্যে। এদিন ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক বাদেই বিস্ফোরণ ঘটে টিজিটের পোলিং বুথে।
নাগাল্যান্ডের সংবেদনশীল এলাকাগুলোয় আরও নিরাপত্তা বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং বলেন, দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটদান শান্তিপূর্ণ ছিল। তিনি জানান, তাঁরাই আবার ক্ষমতায় ফিরে আসছেন।

মেঘালয়েও উত্তেজনার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। মেঘালয়ের উইলিয়ামনগরে এনসিপির প্রার্থী জোনাথন এন সাংমার মৃত্যু হয় ল্যান্ডমাইন বিস্ফোরণে। সেই কারণে ভোট হচ্ছে মোট ৫৯টি কেন্দ্রে। নাগাল্যান্ডেও উত্তর অঙ্গামী ২ কেন্দ্রে এনডিপিপি প্রধান নেইফিউ রিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাই সেখানে ভোটগ্রহণ করা হচ্ছে না।

নাগাল্যান্ডের টিজিটে বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হন। আর অন্য একটি ঘটনায় এনপিএফ ও এনডিপিপি-র সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি নাগাল্যান্ডে। মেঘালয়ও আপাত শান্তিপূর্ণ ছিল। কয়েকটি কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার ঘটনা ঘটে। পরে সেই সমস্যা সামলে ভোটদান ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে সমর্থ হয় নির্বাচন কমিশন।

এখন উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য- ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের দিকেই চোখ গোটা ভারতের। এই তিন রাজ্যের ভাগ্য কার দিকে ঝোঁকে, তার উপর দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে। কংগ্রেস শাসিত রাজ্য মেঘালয়। আর ত্রিপুরায় ক্ষমতায় সিপিএম। নাগাল্যান্ডে আঞ্চলিক পার্টির হাতে ক্ষমতা। এই অবস্থায় তিন রাজ্যের দিকেই হাত বাড়িয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications