ত্রিশঙ্কু অবস্থার দিকে এগোচ্ছে মেঘালয়, সরকার বাঁচাতে দিল্লি থেকে কংগ্রেস নেতাদের ছুট
গোয়ার ভুল মেঘালয়ে করতে চাইছে না কংগ্রেস নেতৃত্ব। আর তাই তড়িঘড়ি বরিষ্ঠ নেতা কমল নাথ, মুকুল ওয়াসনিককে মেঘালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গোয়ায় পরিকল্পনার অভাবে ত্রিশঙ্কু অবস্থা থেকে বাজি মেরে গিয়েছে বিজেপি। কংগ্রেস সমান সমান জায়গায় থেকেও সরকার গড়তে পারেনি। সেই ভুল মেঘালয়ে করতে চাইছে না কংগ্রেস নেতৃত্ব। আর তাই তড়িঘড়ি বরিষ্ঠ নেতা কমল নাথ, মুকুল ওয়াসনিককে মেঘালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে বাকী দলগুলির সঙ্গে কথা বলে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এই মুহূর্তে ৬০টি আসনের মধ্যে ৫৯টির ভোটগণনা চলছে। তার মধ্যে কংগ্রেস ১৭টিতে এগিয়ে রয়েছে ও জিতেছে ৬টিতে। এনপিপি ১১টিতে এগিয়ে রয়েছে ও জিতেছে ৩টিতে। ইউডিপি ৫টিতে এগিয়ে ও ৩টিতে জিতেছে। বিজেপি ৫টিতে এগিয়ে ও ১টি জিতে রয়েছে। অন্যান্যরা ৬টিতে এগিয়ে ও ২টি আসনে জয়ী হয়েছে।
এই অবস্থার আঁচ করেই আহমেদ প্যাটেল, কমল নাথ, মুকুল ওয়াসনিককে মেঘালয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়ে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গোয়ায় এগিয়ে থেকেও জড়োসড়ো কংগ্রেস অমিত শাহদের সরকার গঠন করার জায়গা করে দিয়েছে। গোয়ায় জোট করে সরকার চালাচ্ছে বিজেপি। কংগ্রেসের হাতছাড়া হয়ে গিয়েছে বিজেপি।
মেঘালয়ে এদিন সকাল থেকেই কংগ্রেস খানিকটা এগিয়ে গিয়েছিল। তবে বাকী এনপিপি, ইউডিপি ও বিজেপি লড়াইয়ে ফেলে দিয়েছে কংগ্রেসকে। গত বিধানসভা ভোটে কংগ্রেস ২৯টি আসন পেয়েছিল। পরে পাঁচজন বিধায়ক কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। ২৪জন বিধায়ক নিয়ে জোট করে সরকার চালাচ্ছিল কংগ্রেস। এবার সেই সংখ্যা কংগ্রেস ছুঁতে পারে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications