রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করেছেন এই বিচারক, শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি
গুরমিত রাম রহিমকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় শুনিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক জগদীপ সিং। তাঁর সম্পর্কে জেনে নিন একনজরে।
ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিমকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় শুনিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক জগদীপ সিং। রায় বেরোনোর পর হিংসাত্মক ঘটমা চাক্ষুষ করে বিচারক জগদীপের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফেও হরিয়ানা সরকারকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে জগদীপ সিংয়ের নিরাপত্তায় কোনও ত্রুটি না থেকে যায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইন্টেলিজেন্সের রিপোর্ট খতিয়ে দেখছে। যদি প্রয়োজন পড়ে তাহলে সিআরপিএফের মতো কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হবে।
আইনি কাজে অত্যন্ত দক্ষ জগদীপ সিং। দৃঢ়চেতা ও কোনও অন্যায়কে প্রশ্রয় দেন না তিনি। শত বিরোধিতা ও হুমকি সত্ত্বেও নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থেকে আইন মেনে তিনি রায় শুনিয়েছেন।
জগদীপ সিং অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক ছিলেন। গতবছরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক হন। জুডিশিয়াল অফিসার হিসাবে এটা তাঁর দ্বিতীয় পোস্টিং ছিল। ২০১২ সালে হরিয়ানা জুডিশিয়াল সার্ভিসে তিনি যোগদান করেন। তার আগে তিনি পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের আইনজীবী ছিলেন।
হরিয়ানার মানুষ জগদীপ সিং ২০০০ সাল থেকে আইনি পেশায় রয়েছেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের ডিগ্রি পান। তারপর দীর্ঘদিন আইনজীবী হিসাবে কাজ করার পরে বিচারক হয়েছেন। এবং শতবিরোধিতা ও ভয়ের পরিবেশের মধ্যে যেভাবে তিনি রায় ঘোষণা করে গুরমিত রাম রহিমকে জেলে পাঠালেন তার জন্য সারা দেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications