করোনাকালে আশঙ্কা বাড়াচ্ছে হাম! ভারতের টিকাকরণ কর্মসূচী নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাকালেই উদ্বেগ বাড়াচ্ছে হামের টিকাকরণ! ভারত সম্পর্কে আশঙ্কা প্রকাশ হু-র
করোনা সঙ্কটের মাঝেই ভয় ধরাচ্ছে হামের টিকাকরণ। সদ্যোজাতদের হামের টিকা দেওয়ার নিরিখে সর্বনিম্ন ৬ দেশের মধ্যে রয়েছে ভারত, সম্প্রতি এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এবং আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তরফে জানান হয়েছে, ২৩ বছরের মধ্যে ২০১৯-এ মাত্রাতিরিক্ত সংক্রমণ ঘটিয়েছে হাম ভাইরাস, যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। শুধু হাম নয়, গত কয়েক বছরের একাধিক সংক্রামক রোগের প্রকোপও ভারতে বহু গুণ বেড়েছে বলেও জানা যাচ্ছে।

ভারতে হামের টিকা পায়নি প্রায় ১২ লক্ষ শিশু
মিসলস-কন্টেনিং-ভ্যাক্সিন বা এমসিভি১ টিকাকরণের হিসাব বলছে, ভারতে প্রায় ১২ লক্ষ শিশু এই টিকা পায়নি। ৬ দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া, ইথিওপিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি), পাকিস্তান ও ফিলিপাইন। এর মধ্যে নাইজেরিয়ায় টিকা করণ হয়নি প্রায় ৩৩ লক্ষ শিশুর! ভারতের প্রতিবেশী পাকিস্তানেও সংখ্যাটা ১৪ লক্ষ ছুঁয়েছে বলে খবর।

২০১৬-এর তুলনায় মৃত্যু বেড়েছে ৫০ শতাংশ
হু-এর রিপোর্ট 'বিশ্বব্যাপী আঞ্চলিক হাম নিরোধ ২০০০-২০১৯' কর্মসূচী অনুযায়ী, হু-এর পর্যবেক্ষণের আওতায় থাকা অঞ্চলগুলিতে ২০১৯-এ হাম সংক্রমণ বেড়েছে ৮,৬৯,৭৭০, যা ১৯৯৬-এর পর সর্বাধিক। রিপোর্ট আরও বলছে, শুধু ২০১৯-এ মারা গেছে ২,০৭,৫০০ জন যা ২০১৬-এর তুলনায় বেড়েছে প্রায় ৫০%। এই গবেষণার প্রধানদের মতে, এমসিভি১ ও এমসিভি২ ভ্যাকসিন না প্রয়োগের ফলেই বেড়েছে হামের প্রকোপ।

কী কী পদক্ষেপ নিচ্ছে হু ?
হু-এর পরিচালনা অধিকর্তা টেডরস আধানম ঘেব্রেসিস জানিয়েছেন, "এই রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে আমাদের প্রচেষ্টায় খুঁত রয়েছে। এমসিভি টিকা করণের ক্ষেত্রে সকল দেশকে একত্রিত করতে হবে।" গবেষকদের মতে, হাম রুখতে এমসিভি১ ও এমসিভি২ টিকা র প্রয়োগের হার হতে হবে ৯৫% পর্যন্ত। সূত্রের খবর, হাম রুখতে আরও অন্যান্য পদক্ষেপ নিতে চলেছে হু।

করোনা আতঙ্কের কথা মাথায় রেখেই হাম দূরীকরণে বাড়ছে চিন্তা
বিশ্বজুড়ে এমসিভি১ প্রয়োগের হার ৮০-৮৫% এবং এমসিভি২ প্রয়োগের হার ৭১% পর্যন্ত থেকেছে যা প্রয়োজনীয় ৯৫%-এর চেয়ে অনেকটাই কম। হু-এর ভ্যাকসিন সহযোগী গাভির তরফে ডঃ শেঠ বার্কলি জানিয়েছেন, "করোনাকালে অন্যান্য প্রাণঘাতী ভাইরাসকে অবজ্ঞা করেছে বহু দেশ, যার ফল দেখা যাচ্ছে এই রিপোর্টে। আমাদের উচিত সকল দেশকে নিয়ে একত্রিতভাবে হামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে বিশ্বের কোনো শিশুই এমসিভি টিকা থেকে বঞ্চিত না হয়।"












Click it and Unblock the Notifications