MBBS Student Death: মেডিক্যাল কলেজে রহস্যমৃত্য়ু, ক্যাম্পাসেই চিকিৎসক-পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার
MBBS Student Death: ফের চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু। বেসরকারি মেডিক্যাল কলেজে (Private Medical College) পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য । কলেজ ক্যাম্পাসেই উদ্ধার ছাত্রের দেহ। মৃতের নাম কুশগ্র প্রতাপ সিং। বছর ২৪-র মৃত ওই পড়ুয়ার বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে (Gorakhpur)।
শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর জেলার বরুণ অর্জুন বেসরকারি মেডিক্যাল কলেজে। কলেজের অধক্ষ্য তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী ডাঃ রবীন্দ্র নাথ শুক্লা জানান, মৃত ওই পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজ হস্টেলের পেছনে রক্তাক্ত অবস্থায় তার দেহ (Body Found) উদ্ধার হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তিনতলা ওই হস্টেলের একতলায় একাই থাকতেন ওই ছাত্র। পুলিশ সুপার রাজেশ ইয়াস জানান, তিনতলার ছাদ থেকে ওই ছাত্রকে ঠেলে ফেলা হয়ে থাকতে পারে। তবে আত্মহত্যার জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তের স্বার্থে মৃত ওই ছাত্রের ঘরে তালা ঝুলিয়েছে পুলিশ। একতলা থেকে কী কারণে তিনতলায় গিয়েছিল ওই পড়ুয়া? জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হস্টেলের বাকি ছাত্রদেরও। হস্টেলের প্রত্য়েকটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জিজ্ঞাসা করা হয় স্থানীয় বাসিন্দাদেরও।
সহপাঠীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তাজ্জব হস্টেলের বাকি ছাত্ররাও। এক ছাত্র জানান, "আমরা স্তম্ভিত। কী হয়েছিল কিছুই জানিনা। তবে হস্টেলের ভেতর এরকম ঘটনায় আমরা সকলেই খুব আতঙ্কিত।" ইতিমধ্যেই গোরক্ষপুরে মৃত ওই ছাত্রের পরিবারকে জানানো হয়েছে গোটা ঘটনা।
দিনকয়েক আগেই দিল্লিতে আবাসনের আটতলা থেকে মরণঝাঁপ দেয় বছর কুড়ির এক ছাত্রী। দিল্লিরই এক কলেজে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল ওই মেয়েটি। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণায় ভুগছিল সে।
তবে ওই ছাত্রী মা বাবার সঙ্গেই থাকত বলে জানান এসিপি রজনীশ কুমার উপাধ্যায়। হতাশায় ভুগে সে আটতলা থেকে ঝাঁপ দেয়। বেঙ্গালুরুতে মানসিক রোগের চিকিৎসাও করাচ্ছিল ওই ছাত্রী। পুলিশকে এমনটাই জানান মৃতার বাবা-মা। সেই ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের পড়ুয়ার রহস্যমৃত্য়ু।












Click it and Unblock the Notifications