প্রবল বর্ষণে বিপর্যস্ত অন্ধ্র, ধসে গুন্টুরে মৃত ৫, ভেসে গেলেন ৩ জন
প্রবল বর্ষণে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। গুণ্টুরে ধসে মারা গিয়েছেন ৫ জন। বিজয়ওয়াড়া শহরে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে জলের তোড়ে গাড়ি সমেত ভেসে গিয়েছেন ৫ জন। রবিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে।
প্রবল বর্ষণের সতর্কতা আগেই জারি করেছিল আবহাওয়া দফতর। তার জেরেই ধস নামে বলে জানা গিয়েছে। হঠাৎ করেই বড় বড় পাথর গড়িয়ে আসতে শুরু করে তার চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। একটি বাড়ির একাংশ পুরো ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বিজয়ওয়াড়া থানার পুলিশ জানিয়েছেন বিজয়ওয়াড়ার মোগালরাজাপুরমে ধসে পুরো একটি বাড়ি গুঁড়িয়ে গিয়েছে।

সেখানেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছে পুলিশ এবং উদ্ধারকারীদল। পাহাড়ের গায়েই ছিল বাড়িটি। সেকারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এখনও পাহাড়ের মাটি আলগা হয়ে রয়েছে। যেকোনও বড় বিপর্যয় ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
যে পাঁচ জন মারা গিয়েছেন তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এম মেঘনা (২৫), বোলেম লক্ষ্মী (৪৯), অন্নপূর্ণা (৫৫) এবং লালু (২০)। লালু নামে এই যুবক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া অবস্থায় উদ্ধার হয়েছে মেঘনার দেহ। উদ্ধারকারীরা জানিয়েছেন প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে দেহগুলি। বাকি আহতদের উদ্ধার করে বিজয়ওয়াড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। পাহাড়ি এলাকা থেকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে। স্থানীয় প্রশাসনকেও এই নিয়ে সতর্ক করেছেন তিনি। সেখানকার বাসিন্দাদের যাতে অন্যত্র ত্রাণ শিবিরে থাকার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজয়ওয়াড়া পূর্বের বিধায়ক রামা মোহন।
শুক্রবার থেকে লাগাতার বর্ষণ হয়ে চলেছে। বিজয়ওয়াড়া শহরের জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বাস পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে তবেই সকলকে বাইরে বেরোতে অনুরোধ করা হয়েছে। স্কুল-কলেজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications