পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, জঙ্গি হামলায় গর্জে উঠছেন শহিদ পরিবারের সদস্যরা
জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার পর ক্ষোভে ফুঁসছে ভারত। শহিদ-পরিবারের সদস্যরাও ক্ষোভ উগরে দিচ্ছেন।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার পর ক্ষোভে ফুঁসছে ভারত। শহিদ-পরিবারের সদস্যরাও ক্ষোভ উগরে দিচ্ছেন। সকলেরই নিশানা পাকিস্তানের দিকে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে ভারতের বুকে, তার জবাব রক্ত দিয়েই দিতে চাইছেন তাঁরা।

প্রতিবাদের এই রেশ পড়েছে দেশের রাজধানী শহরেও। পাকিস্তান দূতাবাসের বাইরে প্রতিবাদ আছড়ে পড়েছে, যার জেরে নিরাপত্তা বাড়াতে হয়েছে পাকিস্তান দূতাবাসের। হিন্দু ইউনাইটেড ফ্রন্টের সদস্যরা যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে তৎপর হন। দিল্লির পুলিশ এই বিক্ষোভ প্রশমিত করে।
হাওড়ার চেঙ্গাইলের চককাশী রাজবাংশীপাড়ায় সেনা জওয়ান শহিদ বাবলু সাঁতরার পরিবারের সদস্যরা এই জঙ্গি হামলার বদলা চান। তাঁরা দাবি করেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে কঠোরভাবে। অপরাধীদের এমন শিক্ষা দিতে হবে, তারা যেন ভুলে না যায়।
শহিদ জওয়ানের ভাগ্নে রঘুবীর মণ্ডল শুক্রবার বলেন, তাঁর মামা প্রায়ই দেশকে সেবা করার জন্য বাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করতেন। কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছিলেন। দেড় মাস আগে ছুটিতে বাড়িতে এসে জানিয়েছিলেন বাবলু সাঁতরা।
রঘবীর মণ্ডল জানান, সিআরপিএফের পক্ষ থেকে একটি ফোন আসে, জানানো হয় বাবলু সাঁতরা গুরুতর জখম হয়েছিলেন। কয়েক ঘণ্টা পরেই তিনি মারা যান। আর এক বছর পর তাঁর অবসরের কথা ছিল। এক বছর আগেই চির অবসরে চলে গেলেন জওয়ান।
উত্তর প্রদেশের দেওরিয়ায় সিআরপিএফ জওয়ানের বিজয় কুমার মৌর্যর মৃত্যু হয় পুলওয়ামা জেলায়। তাঁর মৃত্যুতে পাকিস্তানকে যথাযথ উত্তর দিতে চেয়েছেন শহিদ সেনানির বাবাও। বিজয় মৌর্য আধা সামরিক বাহিনীতে যোগ দেন ন-বছর আগে। ২০১৪ সালে তাঁর বিয়ে হয়। তাঁর স্ত্রী ও দেড় বছরের মেয়ে রয়েছে।
এদিন শহিদ পরিবারের বাইরে প্রচুর মানুষ জমায়েত হন। তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তোলেন। এই জঙ্গি হামলার বদলা চান। পুলওয়ামায় জঙ্গি আক্রমণের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন তাঁরা। তাঁদের চোখ মোদির সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।












Click it and Unblock the Notifications