ঝাড়খণ্ডে রেলপথ ওড়াল মাওবাদীরা! ট্রেন চলাচল ব্যাহত
শীতের রাতে মাওবাদী নাশকতা। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের গোইলকেরা থানার অধীনে মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে তা উড়িয়ে দেয়। যার ফলে ট্রেন চলাচল প্রভাবিত হয়। তবে ভোর থেকে রেলপথ পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন চাইবাসার পুলিশ সুপার।
অন্য একটি ঘটনায় মাওবাদীরা ছত্তিশগড়ের বিজাপুরে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। যদিও এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

ঝাড়খণ্ডের গোইলকেরা থানার অধীনে রেললাইনে করা মাওবাদীদের বিস্ফোরণে হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পশ্চিম সিংভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে রাঁচি থেকে প্রায় ১৫০ কিমি দূরে গোইলকেরা ও পোসোইতা রেল স্টেশনের মধ্যে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে রেল ট্র্যাকের মেরামতির কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই ট্রেন পরিষেবা চালু হওয়ার ব্যাপারে আশাবাদী রেল কর্ৃপক্ষ। মাওবাদীরা এলাকায় ব্যানার ও পোস্টার লাগায়।
বাসগুলি জগদলপুর ও বিজাপুরের মধ্যে চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীতে তড়িঘড়ি সেখানে পাঠানো হয় বলে জানিয়েছেন বিজাপুরের পুলিশ সুপার। সন্ধে সাতটার দিকে টিম্মাপুরের কাছে একটি বাস থামানো হয়েছিল এবং যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনাটি দুগিদা গ্রামের কাছে ঘটে। যখন একটি বাস রায়পুরের দিকে যাচ্ছিল।
পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদীরা বিজাপুর-জগদলপুর সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচলে বাধা দেওয়া চেষ্টা করে। মাওবাদীরা ছত্তিশগড় ও বিহারে নিরাপত্তা বাহিনীর হাতে তাদের সঙ্গীদের গুলি করে হত্যার প্রতিবাদে গত শনিবার থেকে বিক্ষোভ সপ্তাহ পালন করছে। শুক্রবার বনধের সমর্থনে প্রচারপত্রও ফেলে যায়।












Click it and Unblock the Notifications