ভোটের মুখেই ছত্তিশগঢ়ে মাওবাদী হানা, নিহত বিজেপি বিধায়ক
লোকসভা ভোটের মুখেই ছত্তিশগঢ়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক ও তাঁর চার নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। মৃত ভীমা মানদাবী দান্তেওয়াড়ারেই বিধায়ক বলে জানিয়েছে পুলিশ।
ভোটের মুখেই ছত্তিশগঢ়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় স্থানীয় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি সহ তাঁর চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে আরো বিজেপি কর্মী, পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে খবর। নিখোঁজও হয়েছেন বেশ কয়েকজন। দান্তেওয়াড়ায় মাওবাদী হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি মৃত বিজেপি বিধায়ক ও নিরাপত্তারক্ষীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে, ঘটনার পরে মাওবাদীরা নিরাপত্তা রক্ষীদের অস্ত্র লুঠ করে পালিয়ে যায় বলে অভিযোগ। মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বেশ কিছুক্ষণ গুলির লড়াইও হয় বলেও খবর। এই হামলার জেরে সমস্ত নির্বাচনী প্রচার স্থগিত রেখেছেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে নিজের সরকারি বাসভবনে বৈঠকও করেছেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
Chhattisgarh: BJP convoy attacked by Naxals in Dantewada. BJP MLA Bheema Mandavi was also in the convoy, further details awaited. pic.twitter.com/MhNVtar2aD
— ANI (@ANI) April 9, 2019
১১ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ছত্তিশগঢ়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু। সে উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে কিরণ্ডুল এলাকায় প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। প্রচার সেরে নকুলনার এলাকায় ফিরছিলেন তিনি। ফেরার পথে একটি শর্টকার্ট রাস্তা নেয় তাঁর কনভয়। সেই রাস্তাতেই শ্যামগিরির কাছে বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি বিস্ফোরণ হয় বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির সাঁজোয়া গাড়ি। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে পুলিশ ও প্রশাসন সূত্রে খবর। তাঁর প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা রক্ষীরও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলেও খবর। তাঁরা ছত্তিশগঢ় পুলিশে কর্মরত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications