Manipur Violence: কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের মুখপাত্রের বাড়িতে আগুন, ফের উত্তপ্ত চুরাচাঁদপুর
ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। এবার হিংসা ছড়াল কুকি ন্যাশনাল অর্গালাইজেশনের মুখপাত্রের বাড়িতে। কুকি ন্যাশনাল অর্গালাইজেশনের মুখপাত্রের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল। সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুর আবার অগ্নিগর্ভ হয়ে উঠল।
সোমবার চুরাচাঁদপুরের সংপীতে কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের মুখপাত্র সিলেন হাওকিপের বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। এখানে উল্লেখ্য, কাংপোকপিতে জাতীয় সড়কে অবরোধ তুলে নেওয়ার জন্য যে নেতারা আওয়াজ তুলেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সিলেন হাওকিপ।

এবার হিংসার ঘটনাটি ঘটে থিংসাত পার্বত্য রেঞ্জের অধীনে অবস্থিত কাংপোকপি এলাকায়। সোমবার ভোররাতে ফাইলেং গ্রামে গুলি বিনিময় করতেও শোনা যায়। ফলে রাজ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ বাড়ছে আবার। এদিকে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট এ ব্যাপারে রাজ্যের কাছে জানতে চেয়েছে, এই জাতি হিংসারোধে কী কী ব্যবস্থা তারা নিয়েছে। রাজ্য সরকারকে তা রিপোর্ট আকারে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি মনোজ মিশ্রের এদিন সরকারকে আরো বেশ কিছু নির্দেশ গিয়েছে।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গৃহহীন ও হিংসা-আক্রান্তদের পুনর্বাসন শিবির নির্মাণ, বাহিনী মোতায়েন এবং আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে কী কী গৃহীত পদক্ষেপ নেওয়া হয়েছে, তার তালিকাও দিতে হবে মণিপুর সরকারকে। এখানে উল্লেখ্য, শনিবার মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এই হিংসার পিছনে বিদেশি শক্তির মদত রয়েছে বলে অভিযোগ করেছিলেন।

তিনি বলেছিলেন, কেন্দ্র ও রাজ্য সরকার রাজ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কুকি ভাই ও বোনদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি বলেন, "আসুন ক্ষমা করি এবং সব ভুলে যাই।" উল্লেখ্য, মণিপুরে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে দু-মাস ধরে জাতিগত হিংসা চলছে।
মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতি-হিংসায় প্রায় ১২০ জনের মৃত্যু হয়েছে। তিন হাজার জনেরও বেশি আহত হয়েছেন। গত ৩ মে থেকে শুরু হয়েছিল এই হিংসা। তা এখনও চলছে। মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মেইতি এবং তাঁদের বেশিরভাগই ইম্ফল উপত্যকায় বাস করে। আর উপজাতি নাগা এবং কুকিরা জনসংখ্যার ৪০ শতাংশ। তাঁরা পার্বত্য জেলাগুলিতে বসবাস করে।












Click it and Unblock the Notifications